বিশ্ব পরিব্রাজক হাবিব রহমানের ‘জাপান ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন

প্রবাস সংবাদ ২৬ নভেম্বর ২০২৬ ৪৬২৬
বিশ্ব পরিব্রাজক হাবিব রহমানের ‘জাপান ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন

নিউইয়র্ক: বিশ্বপরিব্রাজক, সাংবাদিক হাবিব রহমানের সপ্তম ভ্রমণ গদ্যের বই ‘জাপান ভ্রমণ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে গত সোমবার (২৩ নভেম্বর) ব্রঙ্কসের একটি মেডিটেরিয়ান রেস্টুরেন্টের হলরুমে। যৌথভাবে মোড়ক উন্মোচন করেন ইউনিসেফ-এর সাবেক কর্মকর্তা জালাল আহমেদ এবং বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের। এসময় কমিউনিটির বহু গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনাড়ম্বর এই অনুষ্ঠানে টাইম টিভির সিইও আবু তাহের বলেন, ছাত্রজীবন থেকেই হাবিব রহমান ভ্রমণ করে আসছেন। সেই ভ্রমণ আরো গতি পেয়েছে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী হবার পর। তিনি বিশ্বের শতাধিক দেশ ভ্রমণ করেছেন। ভ্রমণের স্মৃতিগুলো পর্যায়ক্রমে তুলে ধরছেন তার প্রতিটি ভ্রমণ কাহিনীতে। ‘জাপান ভ্রমণ’ তাঁর সপ্তম ভ্রমণ কাহিনী। সুখ পাঠ্য এই বইটি জাপান ভ্রমণে আগ্রহীদের ভ্রমণ আরো সহজ করে তুলবে বলে আমার বিশ্বাস।

পার্কচেস্টার ব্র্ঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দীন বলেন, আমি জাপানে ছিলাম দীর্ঘদিন। হাবিব রহমানের জাপান ভ্রমণ বইটি পড়ে জাপানকে যেন আমি নতুন করে চিনেছি। তিনি বইটির সাফল্য এবং লেখকের দীর্ঘায়ু কামনা করে আরো বই লেখার জন্য লেখকের প্রতি অনুরোধ জানান।

সাপ্তাহিক হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা দুই দশকের বেশী সময় একসাথে মিডিয়ায় কাজ করেছি। বই প্রকাশের আগেই তার লেখাগুলো সংবাদপত্রে পড়ার সৌভাগ্য আমার হয়েছে। বিশ্বিখ্যাত শিকারী জিম করবেট যেমন একহাতে বন্দুক আর এক হাতে কলম নিয়ে লেখক হিসাবে বিখ্যাত হয়েছেন। তেমনি পরিব্রাজক হাবিব রহমান ভ্রমণের পাশাপাশি কলম হাতে নিয়ে আমাদের সুন্দর সুন্দর লেখা আর বই উপহার দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস। পাঠকদের তিনি চোখের পলকে পৃথিবী ঘুরিয়ে আনছেন যেজন্য তার প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ, লেখকের দীর্ঘায়ু এবং গ্রন্থগুলোর বহুল প্রচার কামনা করেন।

বইটির লেখক হাবিব রহমান বলেন, আমার প্রকাশিত কোনো বইয়েরই আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠান করিনি কখনো। আসলে লেখালেখি আমার কাছে কোনো প্রচার কিংবা আত্মপ্রদর্শনের বিষয় নয়। পাখি যেমন মনের আনন্দে গান গেয়ে যায়, বিনিময়ে করতালি কিংবা প্রশংসার প্রত্যাশা করে না, আমিও তেমনি নিজের আনন্দে লিখে যাই। লিখতে ভালো লাগে, তাই লিখি। পৃথিবীকে দেখতে ভালো লাগে, তাই ঘুরে বেড়াই। আর সেই দেখা ও ভালো লাগার গল্পগুলো পাঠকদের সঙ্গে ভাগ করে নিতেই বই প্রকাশ করি। আনুষ্ঠানিকতা কিংবা বাড়তি মনোযোগ আকর্ষণের প্রতি কখনো বিশেষ আগ্রহ অনুভব করিনি।

তিনি বলেন, আমার সহকর্মী সালেহ উদ্দীন হঠাৎ করেই ‘জাপান ভ্রমণ’ বইটির এক অনাড়ম্বর, অনানুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাকে না জানিয়েই। কোনো পূর্বঘোষণা নেই, কোনো আনুষ্ঠানিক প্রস্তুতির ভার নেই- আছে শুধু আন্তরিকতা আর ভালোবাসার এক অনন্য প্রকাশ। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আর সেই আয়োজনে আমার নিত্যশুভার্থী, টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের নিজের হাতে বইটির মোড়ক উন্মোচন করে আমাকে যে ভালোবাসায় সিক্ত করলেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হলো, বইটির মোড়ক উন্মোচনের চেয়েও বড় কোনো উপহার যেন সেদিন আমার হাতে তুলে দেওয়া হলো- সেটি হলো মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সম্মান।

সালেহ উদ্দীনের এই অপ্রত্যাশিত আয়োজন, আবু তাহেরের আন্তরিক ভালোবাসা এবং উপস্থিত সকলের শুভেচ্ছা আমার স্মৃতির পাতায় অনেক দিন উজ্জ্বল হয়ে থাকবে।

হাবিব রহমান বলেন, জীবনের দীর্ঘ পথচলায় আমি অনেক দেশ দেখেছি, অনেক শহর ঘুরেছি, অনেক ঐতিহাসিক স্থাপনা আর বিস্ময়কর প্রকৃতির সামনে দাঁড়িয়েছি। ক্যামেরায় বন্দী করেছি অসংখ্য দৃশ্য। কিন্তু আজ আমার ভালোবাসার মানুষদের নিয়ে নিউইয়র্কের সেই ছোট্ট আয়োজন আমাকে নতুন করে উপলব্ধি করাল- পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো সব সময় পাহাড়, সমুদ্র কিংবা প্রাসাদে থাকে না। কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের হৃদয়ে, মানুষের ভালোবাসায়। বইয়ের পাতায় আমি পৃথিবীর গল্প লিখি। আর আজ কিছু মানুষ তাঁদের ভালোবাসা দিয়ে আমার জীবনের পাতায় একটা অন্যরকম গল্প লিখে দিলেন।

লেখক হাবিব রহমান এই অনুষ্ঠানটি করে একটি সুন্দর এবং ভালোলাগার অনন্য মুহুর্ত উপহার দেয়ার জন্য পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির দুই কর্নধার শরিফুল ইসলাম এবং সালেহ উদ্দীনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

জাপান ভ্রমণ পুরো বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাপ্তাহিক দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এজন্য তিনি পত্রিকা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদার চৌধুরী, এমাদ আহমেদ সানি, জন পালমা, সুরুজ ইসলাম, মোহাম্মদ মুন্সী, মোহাম্মদ খান, তাজুল ইসলাম, এমদাদ আহমেদ সামি, সাব্বির আহমেদ, সামিউল ইসলাম সামি, সামিউল ইসলাম সহ আরও অনেক গুণীজন, শুভানুধ্যায়ী ও প্রিয় মানুষ। তাঁদের উপস্থিতি, আন্তরিকতা, শুভকামনা আর উষ্ণ কথামালায় শীতের সন্ধ্যায় ছোট্ট আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও স্মরণীয়।

অনুষ্ঠানটি নান্দনিকভাবে উপস্থাপনা করেন রেজা আবদুল্লাহ। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। -

ছবিতে দেখুন

বিশ্ব পরিব্রাজক হাবিব রহমানের ‘জাপান ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন