দল-মত নির্বিশেষে মক্কেলকে আইনি সেবা দেওয়া একজন আইনজীবীর কর্তব্য — অ্যাটর্নি মঈন চৌধুরী
মিশিগানে আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরীকে সংবর্ধনা

ওয়ারেন, মিশিগান , ১৮ নভেম্বর ২০২৬
আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও মার্কিন অ্যাটর্নি মঈন চৌধুরীকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মিশিগানের ওয়ারেন শহরের বিসমিল্লাহ পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী, আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংবর্ধনার জবাবে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “দল-মত নির্বিশেষে মক্কেলকে আইনি সেবা প্রদান করা একজন আইনজীবীর প্রথম ও প্রধান কর্তব্য।”
তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয় বা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে মানুষের আইনগত অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আইন পেশার মূল ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, পেশাগত সততা, দায়িত্ববোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
অ্যাটর্নি মঈন চৌধুরী আরও গুরুত্বারোপ করেন যে, প্রত্যেক মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। আইনজীবীদের দায়িত্ব হচ্ছে মক্কেলের আইনগত স্বার্থ রক্ষায় প্রচলিত আইন ও পেশাগত নীতিমালার মধ্যে থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা।
বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মহাব্বত খান এবং অ্যাডভোকেট কল্যাণী দেব চৌধুরী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আযম (মাছুম)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সামিনা, অ্যাডভোকেট নুরুল ইসলাম মঈনুল, অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, অ্যাডভোকেট মহসিন চৌধুরী ও অ্যাডভোকেট রুকসানাসহ অন্যান্য আইনজীবী এবং কমিউনিটির প্রতিনিধিরা।
সংবর্ধিত অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক হওয়ার পাশাপাশি ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের সঙ্গেও নেতৃত্বস্থানীয় ভূমিকায় সম্পৃক্ত রয়েছেন। অভিবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান এবং প্রবাসী কমিউনিটির মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করে আসছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক জোরদার এবং প্রবাসীদের আইনগত অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বও এ সংবর্ধনা আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়।
মিশিগানে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত ঐক্য এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি উল্লেখযোগ্য উপলক্ষ হয়ে ওঠে।
ছবিতে দেখুন

