নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডেন এজ হোমকেয়ারের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী
শাহ নেওয়াজের নেতৃত্বে সেবার মান বাড়ানোর প্রত্যয়

আকবর হায়দার কিরন
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় ও পরিচিত সেবামূলক প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ারের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। ৮ নভেম্বর রোববার সন্ধ্যায় ইস্ট এলমহার্স্টের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বিশাল গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে এক জমজমাট উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ আগত সবার সঙ্গে অত্যন্ত আন্তরিক কুশল বিনিময় ও প্রানোচ্ছল মুহূর্ত ভাগ করে নেন। ১ দশকের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “১০ বছর শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের দীর্ঘ যাত্রা। আমাদের লক্ষ্য প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের পরিচিত পরিবেশে, নিজের ভাষায় ও সংস্কৃতির সংযোগ রেখে প্রয়োজনীয় সম্মান ও সেবা পান। এই সাফল্য আমাদের কর্মী, পরিচর্যাকারী ও সেবাগ্রহীতাদের সম্মিলিত আস্থার ফল।”
প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানো আমেনা নেওয়াজ চমৎকার বক্তব্যের মাধ্যমে সবাইকে চমৎকৃত করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এ সময় তাঁদের কন্যার সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ বক্তব্য উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ফুলেল শুভেচ্ছা পর্বটি অনুষ্ঠানে এক অত্যন্ত হৃদয়গ্রাহী পরিবেশের সৃষ্টি করে। পরবর্তীতে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাদশাহ বুলবুল, রিজিয়া পারভীন, শাহ মাহবুব, প্রতীক হাসান, কামারুজ্জামান বকুল ও অনীক রাজ মনোজ্ঞ সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন।
এক দশকের সেবামূলক পথচলা ও অর্জন:
প্রবাসীদের পাশে: ২০১৬ সালে যাত্রা শুরু করা নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ লাইসেন্সপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে প্রবীণ ও অসুস্থদের হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা দিয়ে আসছে। সাংস্কৃতিক ও ভাষাগত স্বাচ্ছন্দ্য: বাংলা ও হিন্দিসহ একাধিক ভাষায় সেবাদানের মাধ্যমে দক্ষিণ এশীয় প্রবীণদের মানসিক স্বস্তি ও ভাষাগত সুবিধা নিশ্চিত করছে প্রতিষ্ঠা
কর্মসংস্থান সৃষ্টি: স্বাস্থ্যসেবার পাশাপাশি নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে নারীদের জন্য পেশাদার পরিচর্যাকারী হিসেবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে গোল্ডেন এজ।
কঠোর সরকারি নীতিমালার মধ্য দিয়ে গত এক দশকে নিউইয়র্কের হোমকেয়ার খাতে যে পরিবর্তন এসেছে, তা সফলভাবে মোকাবেলা করে গোল্ডেন এজ হোমকেয়ার অভিবাসী উদ্যোক্তাদের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শাহ নেওয়াজের যোগ্য নেতৃত্বে অর্জিত আস্থাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি আগামী দিনে সেবার মান ও জবাবদিহি আরও বাড়িয়ে তাদের পথচলার দ্বিতীয় দশকে পদার্পণ করল।
ছবিতে দেখুন






