২০ মিনিটে সাত বিস্ফোরণে কেঁপে উঠল দুবাইয়ের জেবেল আলি
দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিকট বিস্ফোরণ ঘটেছে। প্রাণহানি না হলেও ঘটনার কারণ ও এটি সামরিক হামলা কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চল পরপর একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে। প্রায় ২০ মিনিটের ব্যবধানে সেখানে অন্তত সাতটি বিকট ধামাকা ঘটে। বিস্ফোরণের পরপরই বিশাল আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মহাকাশ গবেষণা সংস্থা নাসার থার্মাল ইমেজিং সূত্রের তথ্যানুযায়ী, সমুদ্রবন্দরের কাছে জ্বালানি সঞ্চিত রাখা বেশ কিছু গুদামে আগুন লাগে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগে পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনাটি সাধারণ দুর্ঘটনা নাকি কোনো সামরিক হামলা, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। আঞ্চলিক কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ওই শিল্প এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। যদিও আমিরাত প্রশাসন এমন কোনো সামরিক হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
দুবাই শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলি অঞ্চলটি দেশটির অন্যতম প্রধান বাণিজ্যিক হাব। মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে দুবাইয়ে এই বিস্ফোরণের ঘটনা সামরিক আক্রমণের গুঞ্জন নতুন করে উস্কে দিয়েছে।
