গণভবনে চালু হলো ‘জুলাই জাদুঘর’, সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেকের

আন্তর্জাতিক ৬ আগস্ট ২০২৬ ২৮৫০

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি আন্দোলনে ঘটা প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচারের আশ্বাস দেন।

গণভবনে চালু হলো ‘জুলাই জাদুঘর’, সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেকের

২০২৪ সালের ৫ আগস্ট প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পর শেরেবাংলা নগরে অবস্থিত সরকারি বাসভবন ‘গণভবনে’ ক্ষুব্ধ জনতা প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে সেই বাসভবনকেই ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরিত করা হয়। বুধবার এই স্মারক কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, জুলাই মাসের গণবিক্ষোভ দমনে তৎকালীন সরকারের নেওয়া কঠোর পদক্ষেপে ১৪০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের শাসনামলে এই জাদুঘর তৈরির সিদ্ধান্ত ও কাজ শুরু হলেও এতদিন এটি আনুষ্ঠানিকভাবে খোলা হয়নি।

উদ্বোধন শেষে বক্তব্য প্রদানকালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গুম ও হত্যাকাণ্ডের বিষয়ে সরব হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দেন, জুলাই আন্দোলনের সময় ঘটা প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার সম্পন্ন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই জাদুঘর কোনো বিশেষ দল বা ব্যক্তির একক রাজনৈতিক মতামত প্রচারের জায়গা নয়, বরং এটি ২০২৪ সালের নৃশংসতার স্মৃতি বহন করবে এবং গণমানুষের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে থাকবে। এই অভ্যুত্থানের মূল নায়ক যে দেশের সাধারণ গণতন্ত্রকামী জনগণ, সে কথাও তিনি ব্যক্ত করেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন