দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে পর পর সাতটি জোরালো বিস্ফোরণ

আন্তর্জাতিক ৬ আগস্ট ২০২৬ ২৯২৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটেছে। এতে সমুদ্রবন্দরের কয়েকটি জ্বালানি গুদামে আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে পর পর সাতটি জোরালো বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগর কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৪০ কিলোমিটার দূরে জেবেল আলি শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় ২০ মিনিটের মধ্যে পর পর সাতটি বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনার পরপরই চারপাশে বিশাল আগুনের শিখা ও আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বন্দর সংলগ্ন কয়েকটি গুদামে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, যেখানে মূলত জ্বালানি সঞ্চিত ছিল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার থার্মাল ইমেজিং সূত্রের তথ্যে জানা গেছে, বেশ কয়েকটি গুদামে আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির চূড়ান্ত খবর পাওয়া যায়নি।

ঘটনার পর পরই অনভিপ্রেতভাবে দৃশ্য ধারণ ও ছবি তোলার অভিযোগে দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই আকস্মিক বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। কোনো সামরিক হামলা চালানো হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। যদিও ইরাকি গণমাধ্যমের দাবি, ইয়েমেন থেকে দুবাইয়ের এই শিল্প অঞ্চলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো হামলার কথা নিশ্চিত করেনি।

উল্লেখ্য, জেবেল আলি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও শপিং হাব, যেখানে বিখ্যাত পাম জেবেল আলি অবস্থিত। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মাঝে অতীতেও ইরানের আক্রমণের মুখে পড়েছে দেশটি। সেই অতীত পরিস্থিতির কারণে দুবাইয়ের এই রহস্যজনক বিস্ফোরণ সামরিক হামলার জল্পনা নতুন করে বাড়িয়ে দিয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন