বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর গ্রুপ পর্বের খেলার উদ্বোধন করলেন ডিআইজি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
শনিবার (২১ নভেম্বর ২০২৬ ) বগুড়া জেলা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা ও ডিআইজি, রাজশাহী রেঞ্জের সহধর্মিণী মিসেস আঞ্জুমান আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সতেজতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনে অভ্যস্ত হওয়া প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং রাজশাহী রেঞ্জ দলের প্রতি উৎসাহ ও শুভকামনা জানান।
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্রুপের উদ্বোধনী খেলায় রাজশাহী রেঞ্জ ও রংপুর রেঞ্জ মুখোমুখি হয়।
এ সময় বগুড়া জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবিতে দেখুন


