বারী চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ওমরাহ পালন, পবিত্র মক্কার পথে পাঁচ স্বপ্নযাত্রী

বারী চ্যারিটি ফাউন্ডেশনের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীর পথে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত পাঁচজন সৌভাগ্যবান ওমরাহযাত্রী।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও জনগোষ্ঠী থেকে এই পাঁচজনকে নির্বাচন করা হয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁদের কারও পক্ষেই ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণ করা সম্ভব ছিল না। তাঁদের মধ্যে কেউ কেউ জীবনে কখনো ঢাকায় আসেননি, এমনকি বিমানে ভ্রমণের অভিজ্ঞতাও তাঁদের ছিল না। দীর্ঘদিনের সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিয়েছে বারী চ্যারিটি ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে। জীবনের প্রথমবারের মতো বিমানযাত্রার অভিজ্ঞতা নিয়ে তাঁরা এখন পবিত্র মক্কার পথে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁদের সম্পূর্ণ ওমরাহ সফরের যাবতীয় ব্যয়ভার বহন করা হচ্ছে। পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা থেকে শুরু করে বিমান টিকিট, হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং পুরো সফরে সার্বক্ষণিক সহযোগিতার জন্য অভিজ্ঞ গাইডের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব দায়িত্ব পালন করছে বারী চ্যারিটি ফাউন্ডেশন। ঢাকায় একত্রিত হওয়ার পর তাঁরা হোটেল থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
এ প্রসঙ্গে বারী চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসেফ বারী তাঁদের এই পবিত্র সফরের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ যেন তাঁদের সফর নিরাপদ ও নির্বিঘ্ন করেন, যথাযথভাবে ওমরাহ পালনের তাওফিক দান করেন, তাঁদের ইবাদত কবুল করেন এবং সুস্থতার সঙ্গে দেশে ফিরিয়ে আনেন। পাশাপাশি ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগটুকুও যেন মহান আল্লাহ কবুল করেন।
বারী চ্যারিটি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ওমরাহ পালনের জন্য নির্বাচিত পাঁচজন হলেন—
১. মো. আইনুদ্দিন, জলঢাকা, নীলফামারী।
২. কেরামত আলী ফকির, মোল্লাহাট, বাগেরহাট।
৩. আল আমিন গাজী, চাঁদপুর সদর, চাঁদপুর।
৪. মনোয়ার হোসাইন মুকুল, গঙ্গাচড়া, রংপুর
৫. আব্দুল জব্বার, কুড়িগ্রাম।
