প্রায় সবাই এলো, কিন্তু মুক্তি এলো না - মোস্তফা সারওয়ার
প্রায় সবাই এলো, কিন্তু মুক্তি এলো না
মোস্তফা সারওয়ার
আড়াই শ বছরের বুড়ো ইতিহাস...
ক্লান্ত।
আজ কড়া নাড়ছে জীর্ণ দরজায়,
ঘোষণা করছে
এক আদিম, কুৎসিত ধন-বৈষম্যের
নয়া ইশতেহার।
কার্তিকের জ্যোৎস্নার মতো সেই মুক্তি—
যার খোঁজে সাধারণ মানুষ...
বুকে তুলে নিয়েছিল রাইফেলের দুরন্ত আগুন।
সে আজ... লুণ্ঠিত
রক্তাক্ত স্বপ্নের শরীর,
ছিঁড়ে গেছে কর্পোরেট শকুনের ঠোঁটে।
ব্যালট বাক্সে জেরিম্যান্ডারিংয়ের হিম চোরাবালি...
জাদুকরি কারচুপি।
অন্ধকারের ওপার থেকে ভেসে আসে ধনিকের ক্রূর অট্টহাসি,
কোনো খাঁটি নক্ষত্রের উত্তর মেলে না আর।
সবকিছু...
হেমন্তের মরা মাঠের মতো,
তলিয়ে গেছে।
এক মায়াবী, কঙ্কালসার মরীচিকার অবিনাশী ঘুমে।
আড়াই শ বছর পেরিয়ে গেল
প্রায় সবাই এলো
ফ্যাশনের জাঁকজমক এলো, সিলিকন ভ্যালি এলো
ওয়াল স্ট্রিটের বোনাস এলো
কিন্তু সাম্য এলো না
আমি তাকিয়ে
রইলাম ওই ঝলমলে ক্যারাভ্যানের দিকে
আমি গলায় রক্ত
এনে তীব্র চিৎকারে ডাকলাম
আমার কোটরগত চোখ দিয়ে
খুঁটে খুঁটে দেখলাম—
মেডিকেল ইনসিওরেন্সের কাগজ এলো, ঋণের বোঝা এলো
ফোরক্লোজারের নোটিশ এলো
প্রায় সবাই এলো
কিন্তু মুক্তি এলো না
মুক্তি কিছুতেই এলো না।
