নক্ষত্রের ক্যানভাসে রিটা আপা - মোস্তফা সারওয়ার

শিল্প-সাহিত্য ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৬২৬
নক্ষত্রের ক্যানভাসে রিটা আপা - মোস্তফা সারওয়ার

নক্ষত্রের ক্যানভাসে রিটা আপা

মোস্তফা সারওয়ার

(চিত্রশিল্পী রিটা আপার স্মৃতির উদ্দেশ্যে, যাঁর স্নেহচ্ছায়ায় ধন্য হয়েছি। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সহধর্মিণী ছিলেন।)

হেমন্তের ম্লান নিঃশ্বাসে ঝরে পড়ে একলা বাতাস,

শরতের আশ্বিন আকাশে বাজে মারওয়া’ র বিষণ্ণ গোঙানি—

সারঙ্গীর রেশমে যেন জমাট বাঁধা এক অপার্থীব কান্না,

ভেঙে পড়ে আমাদের এই নক্ষত্রহীন পৃথিবীর বিজন নীড়ে।

তুমি চলে গেছো, রিটা আপা,

সেই সুদূর শঙ্খমালা দেশে, নক্ষত্রের ডানায় ভর করে।

আজ আর মেঠো চিল আসে না ঝিনুকের ধূসর তীরে,

গাঙচিল আর অন্ধপেঁচা বেদনায় বসে আছে

অন্ধকার সাইপ্রাস ডালে;

তাদের স্তব্ধ চোখে জমে আছে কুয়াশার মেঘ।

আমাদের বাগানে ওক গাছের ছায়ায়

দোলনচাঁপা আর মিষ্টি কামিনীর ফুল—

আজ আর ফুটছে না,

শিশিরের শব্দে ঝরে পড়ে তাদের বুকভাঙা বেদনার বেহাগ।

সূর্যের শেষ আলো ফিকে হয়ে আসে প্রদোষের বিষণ্ণ আঁধারে,

হেমন্তের সীসার মতো ভারী, বিবর্ণ মেঘেরা

একে যায় এক অদ্ভুত মায়াবী চিত্রকল্প—

ঠিক যে রূপক আর রঙের খেলা

তুমি আঁকতে

ক্যানভাস থেকে ক্যানভাসে।

হঠাৎ সেই সুদূর শূন্যতা থেকে ভেসে আসে

তুষার আর ভাঙা ম্যাগনোলিয়ার নাচ,

শোকাতুর কুয়াশা ঢেকে দেয় বিদায়ী রথখানা।

অজ্ঞাত প্রান্তরের দিকচক্রবাল থেকে ভেসে আসে

কাংস্য ঘণ্টার ম্লান ধ্বনি...

তুমি হয়তো এখন অন্য কোনো অলৌকিক পৃথিবীর নক্ষত্ররাজ্যে—

যেখানে মেঘেরা ঝরে পড়ে না, যেখানে কোনো পাখি

ডানা ভেঙে পড়ে না ধূলায়।

আমরা রয়ে গেলাম এই বিষণ্ণ, পাতাঝরা ছায়াপথে,

একদিন হয়তো আমরাও আসবো—

তোমার সেই তারাভরা নির্জন ক্যানভাসে,

পুনরায় স্পর্শ পাবো তোমার আলোর তুলির।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন