মায়ের কবরের পাশে সমাহিত হবেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম

শিল্প-সাহিত্য ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৯৯৮
মায়ের কবরের পাশে সমাহিত হবেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। এরপর দুপুর দেড়টায় বিশ্বসাহিত্য কেন্দ্র ও ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে। সেখানে জানাজা শেষে মরদেহ নেওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

আমীরুল ইসলাম বুধবার রাত ৮টার দিকে রাজধানীর কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই কামাল আহমেদ ও ‘ছোটদের সময়’ সম্পাদক শিশুসাহিত্যিক মামুন সারওয়ার।

আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত সাংবাদিক সাইফুর রহমান এবং মা আনজিরা খাতুন।

খ্যাতিমান শিশুসাহিত্যিক হাবীবুর রহমান ছিলেন তাঁর বড় চাচা। পরিবারের দেওয়া ডাকনাম ছিল ‘টুলু’।

কৌতুকপ্রিয়, আড্ডাবাজ ও ভ্রমণপিয়াসী আমীরুল ইসলাম বাংলা শিশুসাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। দুই শতাধিক গ্রন্থের রচয়িতা এই সাহিত্যিকের লেখায় ছন্দের জাদু ও নিজস্ব রচনাশৈলী কয়েক প্রজন্মের পাঠককে আকৃষ্ট করেছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন