সম্পর্কে নতুন প্রাণ ফেরাতে কার্যকর হতে পারে ‘২-২-২’ সূত্র

লাইফস্টাইল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮৮৭

কর্মব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দেওয়া না হলে দাম্পত্য জীবনে একঘেয়েমি এসে যায়। সম্পর্কের ঘনিষ্ঠতা ও রোমাঞ্চ টিকিয়ে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সহজ ‘২-২-২’ নিয়ম।

সম্পর্কে নতুন প্রাণ ফেরাতে কার্যকর হতে পারে ‘২-২-২’ সূত্র

সাংসারিক ঝামেলা, চাকরি কিংবা সন্তানের যত্ন নিয়ে প্রতিদিনের বাঁধাধরা জীবনে সঙ্গীর জন্য আলাদা সময় খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। এমন টানাপোড়েনে যৌথ জীবনের উষ্ণতায় ভাঁটা পড়া খুব স্বাভাবিক। এই স্থবিরতা কাটিয়ে ভালোবাসার বন্ধন সুদৃঢ় করতে ‘২-২-২’ নামে একটি সহজ ও কার্যকর পদ্ধতির চর্চা বাড়ছে।

সূত্রটির কাঠামো অত্যন্ত স্পষ্ট। এতে প্রতি দুই সপ্তাহে অন্তত একবার দুজনে মিলে কোথাও বের হওয়া বা বিশেষ সময় কাটানো, প্রতি দুই মাসে একটি সংক্ষিপ্ত সফর এবং প্রতি দুই বছরে সুযোগমতো একটি দীর্ঘ ছুটির পরিকল্পনা করার কথা বলা হয়েছে। প্রথমটির ক্ষেত্রে রেস্তোরাঁয় খাওয়া, পার্কের নিরিবিলিতে হাঁটাহাটি বা ঘরে বসে সিনেমা দেখার মতো বিষয় থাকতে পারে। আর দুই মাসের ব্যবধানে নিকটস্থ কোনো স্থানে এক বা দুই দিনের জন্য ঘুরে আসা যেতে পারে। সবশেষে, প্রতি দুই বছরে একটু বড় অবসর নিয়ে বাজেট ও সুবিধা অনুযায়ী দূরে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলা হয়।

অবহেলার কারণে অনেকে ভাবেন সুযোগ পেলে সঙ্গীকে নিয়ে ঘুরতে যাবেন, কিন্তু সেই সুযোগ সচরাচর আসে না। এই পদ্ধতির মূল দর্শন হলো আগে থেকেই সময় নির্দিষ্ট করে রাখা। নিয়মটি পালনে যে বিপুল অর্থ ব্যয় করতে হবে, তা নয়। ছাদের নিচে আড্ডা দেওয়া কিংবা একসঙ্গে রান্নাবান্নার মতো ঘরোয়া মুহূর্তও সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে যথেষ্ট।

এই নিয়ম যে হুবহু পালন করতে হবে, বিষয়টি তেমন নয়। নিজেদের সাধ্য ও সুবিধামতো এটি নমনীয়ভাবে পরিবর্তন করা সম্ভব। মূল উদ্দেশ্য অর্থ অপচয় বা দূর দূরান্তে ছোটোছুটি নয়, বরং দৈনন্দিন ব্যস্ততার মাঝেও জীবনসঙ্গীকে অগ্রাধিকার দিয়ে ভালোবাসার সম্পর্ককে সতেজ রাখা।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন