ঘরেই সহজে বানিয়ে নিন ঝাল ঝাল চিলি গার্লিক মোমো
বাড়িতে সহজ উপায়ে তৈরি করা যায় মুখরোচক চিলি গার্লিক মোমো। সঠিক নিয়ম মেনে খুব কম সময়েই বানিয়ে নিতে পারেন চমৎকার এই পদটি।

বিকেলের নাস্তায় ভিন্নতা আনতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন চিলি গার্লিক মোমো। মুখরোচক এই পদটি বানানোর প্রক্রিয়া বেশ সহজ।
খাবারটি তৈরির জন্য প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার ও পরিমাণমতো লবণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি মসৃণ খামির বা ডো তৈরি করে নিতে হবে। খামির তৈরি হলে ওপর থেকে ১ চা-চামচ তেল মাখিয়ে ২০ মিনিটের জন্য পাত্রটি ঢেকে রাখতে হবে।
পুরের জন্য মুরগির কিমার সঙ্গে ২ কাপ বিভিন্ন রকম মিহি সবজি কুচি, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ গলানো মাখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখন ব্যবহারের ফলে ভেতরের কিমা বেশ নরম ও জুসি থাকে। এবার প্রস্তুতকৃত ডো দিয়ে ছোট ছোট শিট বানিয়ে ভেতরে পুর দিয়ে পছন্দের আকৃতিতে মোমো তৈরি করে নিতে হবে। এরপর এগুলো ভাপ দিয়ে বা প্যানে ভেজে রান্না করতে হবে।
সবশেষে একটি প্যানে রসুনকুচি সামান্য ভেজে নিয়ে আধা চা-চামচ সিচুয়ান পেপার কর্ন এবং ২ টেবিল চামচ সিরাচা বা চিলি সস দিয়ে দিতে হবে। আগে থেকে তৈরি করা মোমোগুলো সসের প্যানে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নামানোর পর ওপরে সাদা তিল ও পেঁয়াজ কলিকুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম-গরম চিলি গার্লিক মোমো।
