নওগাঁয় জেলার কর্মকর্তা-সুধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে -
নওগাঁয় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুধীজনের এক মতবিনিময় সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওগাঁ’র জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উক্ত সভায় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিজিবি’র-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, নওগাঁ ২৫০শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আকতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন সহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর প্রধান এবং সামাজিক সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বিভাগীয় কমিশনার মতবিনিময় সভায় বলেন সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক গতি সঞ্চারের জন্য রুটিন দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা সরকারি কর্মচারী। সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা যথাথথভাবে পালন করতে হবে।
সময়মত অফিসে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাপ্তরিকভাবে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকতে হবে।
বিভাগীয় কমিশনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সকল সরকারি কার্যক্রম গতিশীল করা, সরকারি দপ্তরসমূহে শতভাগ সেবা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষায় বেশী বেশী বৃক্ষরোপণ এবং মাদক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি নওগাঁ জেলাকে ধানসহ উদ্বৃত্ত ফসল উৎপাদনের জেলা উল্লেখ করে সারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, পর্যাপ্ত সারের মজুত রয়েছে। সার নিয়ে কোনো গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ নজরদারি রাখার অনুরোধ জানান তিনি।
ছবিতে দেখুন


