রাতের খাবার শেষে বিশেষ হজমি পানীয় পান করছেন সোহা আলি খান
রাতের খাবারের পর হজমশক্তি বাড়াতে একটি ঘরোয়া পানীয় গ্রহণ করছেন বলিউড অভিনেত্রী সোহা আলী খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পানীয়ের প্রস্তুতপ্রণালী ও উপকারিতা ভাগ করে নিয়েছেন তিনি।

শারীরিক ফিটনেস ও নিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য পরিচিত অভিনেত্রী সোহা আলি খান প্রতিরাতে আহারের পর একটি বিশেষ ভেষজ চা পান করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের পছন্দের তিনটি বিষয়ে আলোকপাত করতে গিয়ে এই হজমি চায়ের কথা জানান তিনি। তালিকায় তাঁর অন্য দুটি পছন্দ ছিল জাপানি লেখক কেইগো হিগাশিনোর উপন্যাস 'ম্যালিস' এবং সঠিকভাবে পুল-আপ ব্যায়াম করার দক্ষতা।
অনেক সময় রাতে খাওয়ার পর পেট ভারী হওয়া বা অস্বস্তি দূর করতে সোহা এই ঘরোয়া পানীয় তৈরি করে খান। এক কাপ জলের মধ্যে এক টুকরো দারচিনি, এক সেন্টিমিটার থেঁতো আদা, চারভাগের এক কাপ মৌরি এবং দুটি থেকে তিনটি তুলসী পাতা দিয়ে সহজেই এটি তৈরি করা যায়। জল ফুটলে সব উপাদান একে একে মিশিয়ে হালকা আঁচে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি হয় এই হজমি চা।
এই পানীয়ের উপাদানগুলোর নানাবিধ গুণ রয়েছে। আদা হজমে সহায়তার পাশাপাশি বমি ভাব দূর করে। অন্যদিকে মৌরি পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে এবং দারচিনির প্রদাহনাশক উপাদান পেটের স্বাস্থ্য ভালো রাখে। তবে সোহা জানান, এই চা সবার জন্য উপযোগী না-ও হতে পারে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও ডায়াবেটিস রোগীদের এটি নিয়মিত পানের পূর্বে চিকিৎসকের পরাামর্শ নেওয়া প্রয়োজন।
