যুক্তরাষ্ট্রের মিশিগানে ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আম-কাঁঠালি উৎসব

প্রবাস সংবাদ ৬ আগস্ট ২০২৬ ৪৭০০

যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রাম্যাকে আগামী ৯ আগস্ট উদযাপিত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের প্রথম 'আম-কাঁঠালি উৎসব'। দেশীয় ঐতিহ্যকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আম-কাঁঠালি উৎসব

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটি হল সংলগ্ন পার্কে আগামী ৯ আগস্ট, রোববার বিকেল সাড়ে ৫টায় বসছে আম-কাঁঠালি উৎসব। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় গ্রামীণ সংস্কৃতির পরিচয় ঘটিয়ে দিতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উৎসবের অন্যতম সংগঠক সঞ্জয় দেব জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে শৈশবের স্মৃতি পুনরুজ্জীবিত করা এবং পারিবারিক ঐতিহ্যকে ধরে রাখাই এই উদ্যোগের উদ্দেশ্য। আম ও কাঁঠাল বাঙালির লোকায়ত সংস্কৃতি ও আবেগঘন স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

উৎসবে উপস্থিত হতে পুরুষদের হলুদ রঙের পাঞ্জাবি এবং নারীদের হলুদ শাড়ি পরার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। মিশিগানে বসবাসরত সকল প্রবাসী বাঙালিকে পরিবারসহ এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকের এই অনুষ্ঠানটি নিয়ে স্থানীয় প্রবাসীদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

সাধারণত সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের লোকালয়ে জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বোন বা মেয়ের শ্বশুরবাড়িতে আম, কাঁঠাল, মুড়ি ও খই পাঠানোর সামাজিক প্রথা রয়েছে, যাকে ঐতিহ্যগতভাবে 'আম-কাঁঠালি' বলা হয়ে থাকে। পারিবারিক সৌহার্দ্য ও ভালোবাসার স্মারক এই লোকজ রীতিকে প্রবাসে স্মরণ করতেই হ্যামট্রাম্যাকে এই প্রথমবারের মতো এমন উৎসবের উদ্যোগ নেওয়া হলো।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন