নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে চালু হলো ‘কল সেন্টার’: সপ্তাহে ৭ দিনই মিলবে সেবা

প্রবাস সংবাদ ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৮৫০
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে চালু হলো ‘কল সেন্টার’: সপ্তাহে ৭ দিনই মিলবে সেবা

বিশেষ প্রতিনিধি:

নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা অধিকতর তথ্যনির্ভর, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে কনস্যুলার সেবা সহজীকরণ এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে গত ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে একটি ‘কল সেন্টার’ (Call Centre) চালু করা হয়েছে। গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা সহজে এবং দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবেন। কল সেন্টার পরিচালনার জন্য মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন একদল তরুণকে সম্পৃক্ত করা হয়েছে। তাঁরা প্রবাসীদের বিভিন্ন কনস্যুলার সেবা-সংক্রান্ত জিজ্ঞাসার যথাযথ উত্তর প্রদান এবং প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। যোগাযোগের নম্বর:টোল ফ্রি নম্বর: ৮৪৪-৮৬১-১৯৭১ (844-861-1971) ল্যান্ডলাইন নম্বর: ২১২-৫৯৯-৬৭৬৭ (212-599-6767) সেবার সময়সূচি ও নিয়মাবলী:

সেবাপ্রত্যাশীদের কলের কার্যকর ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহের প্রতিদিন—শনিবার ও রবিবারসহ—সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত কল সেন্টারটি খোলা থাকবে। কোনো কারণে তাৎক্ষণিকভাবে সংযোগ স্থাপন সম্ভব না হলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল (Voicemail) রেখে যেতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্ট প্রাপ্ত বার্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানের জন্য সেবাপ্রত্যাশীর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করবেন।

কনস্যুলেট কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, এই কল সেন্টারটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের সফল বাস্তবায়ন এবং কল সেন্টারের কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করতে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের পূর্ণ সহযোগিতা ও আন্তরিক সহায়তা কামনা করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন