এবার উত্তর আমেরিকার ৪ রাজ্যে বিভক্ত ফোবানা সম্মেলন : নেই প্রচারণা অথচ সেরা সম্মেলনের প্রতিশ্রুতি! : উপেক্ষিত মিডিয়া

প্রবাস সংবাদ ৬ সেপ্টেম্বর ২০২৬ ২৯২৪
এবার উত্তর আমেরিকার ৪ রাজ্যে বিভক্ত ফোবানা সম্মেলন : নেই প্রচারণা অথচ সেরা সম্মেলনের প্রতিশ্রুতি! : উপেক্ষিত মিডিয়া

সালাহউদ্দিন আহমেদ

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্রের লেবার ডে উকেন্ড ঘিরে বিগত বছরগুলোর মতো এবারো নানা আয়োজনে বিভক্ত ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪টি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার ৪ রাজ্যে। ৪-৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র, শনি ও রোবার অনুষ্ঠিতব্য এবারের সম্মেলন হচ্ছে ৪০তম ফোবানা কনভেনশন। এই ৪টি সম্মেলনের একটি সম্মেলন হতে যাচ্ছে কানাডার টরন্টোতে। অপর ৩টি সম্মেলনের একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস, অপর একটি নিউইয়র্ক রাজ্যের লং আইল্যান্ড সিটিতে এবং অপরটি হচ্ছে ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোর কিসিমি শহরে। সম্মেলনের বিভিন্ন কর্মকান্ডের মধ্যে থাকবে সেমিনার, আলোচনা, কাব্য জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। শুক্রবার সন্ধ্যায় (৪ সেপ্টেম্বর) সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভক্ত চার ফোবানা সম্মেলন শুরু হচ্ছে। খবর ইউএনএ’র।

এদিকে অনুসন্ধানে জানা গেছে, বিভক্ত ফোবানা সম্মেলন নিয়ে বিগত বছরগুলোর মতো তেমন প্রচার-প্রচারণা না থাকায় অনেক প্রবাসী-ই ফোবানা সম্মেলনের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিভক্তির ফলে অনেকেই নানা বাহানায় কোন ফোবানা সম্মেলনেই যোগ দিচ্ছেন না। মূলত: নেতৃত্বের কোন্দল, মামলা-মোকদ্দমায় ত্যাক্ত-বিরক্ত, রাজনৈতিক মত পার্থক্য, পৃষ্ঠপোষকতার অভাব প্রভৃতি কারণে ফোবানায় বিভক্তি বাড়ছেই। সচেতন প্রবাসীদের মতে সবমিলিয়ে ফোবানা তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে।

অপরদিকে বিভক্ত সকল ফোবানা সম্মেলনের আয়োজক ও কর্মকর্তারা সেরা সম্মেলন উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের এই বক্তব্য নিয়ে জনমনে হাস্যরসের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে- বিভক্তির সম্মেলন সেরা সম্মেলন হয় কিভাবে? আরো প্রশ্ন উঠেছে ফোবানা তুমি কার?

পাশাপাশি বিগত বছরগুলোর মতো এবারও ফোবানা সম্মেলন নিয়ে নিউইয়র্কের বাংলা মিডিয়াগুলো চরম উপেক্ষার শিকার হয়েছেন। মিডিয়াগুলো যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়ায় অনেক মিডিয়াতেই ফোবানা সম্মেলনের কোন খবরাখবর লক্ষ্য করা যাচ্ছে না। ২/১টি মিডিয়া ছাড়া অধিকাংশ মিডিয়াতেই নেই কোন বিজ্ঞাপন। মিডিয়ার সাথে সংশ্লিস্টরা জানান, ফোবানা সম্মেলনের আয়োজকদের মিডিয়ায় প্রচারের দরকার না থাকলে আমাদের প্রচারেরই দরকার কী? অথচ লাখ লাখ ডলার ব্যয় করা হচ্ছে ফোবানা সম্মেলনের নামে। একটি সম্মেলনের এবারের বাজেট এক লাখ ৫০ হাজার ডলার বলে জানা গেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, নিউইয়র্কে অনেক মিডিয়া আর সাংবাদিক থাকায় প্রয়োজনীয় আর্থিক বাজেট না থাকায় ফোবানার কর্মকর্তারা বিজ্ঞাপন দিচ্ছেন না বা সম্পাদক/সাংবাদিকদের আমন্ত্রণ জানাচ্ছেন না। আবার অনেক কর্মকর্তার মতে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, মিডিয়ার প্রয়োজন নেই।

সংশ্লিস্টরা জানান, কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের যৌথ আয়োজক সংগঠন হচ্ছে টেষ্ট অব বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি এসসি। আয়োজকদের দাবী একাত্তুরের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর আন্দোলনের চেতনাকে লালন করেই ‘ফিফা ৪০তম ফোবানা কনভেনশন-২০২৬’ আয়োজিত হচ্ছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৬ সেপ্টেম্বর রোববার পর্যন্ত ৩ দিনব্যাপী টরেন্টোর ডন ভ্যালি হোটেল এন্ড সুটসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সোসাইটি। এবারের ফোবানার শ্লোগান হচ্ছে ‘অনুভবের চেতনায় আমাদের বাংলাদেশ’। সম্মেলনে বাংলাদেশের কৃষ্টি, কালচার, সাহিত্য-সংস্কৃতিতে সৃজনশীলতাকেও প্রাধান্য দেয়ার পাশাপাশি প্রবাসীদের নিয়ে বিজনেস নেটওয়ার্ক তৈরি ও অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন আসর, ইয়ুথ গ্রুপের কার্যক্রম বৃদ্ধিসহ নানা বিষয়ের ওপর অগ্রাধিকার দেয়া হবে। আয়োজকদের দাবী সবমিলিয়ে এবারের সম্মেলন হবে ফোবানার ইতিহাসে সেরা সম্মেলন। বিভক্ত ফোবানার এই অংশের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ আর এক্সিকিউটিভ সেক্রেটারী হচ্ছেন ফিরোজ আহমেদ। টরন্টো সম্মেলনের চীফ নিগোসিয়েটর ও ফাইনাল সাইনিং অথরিটি হচ্ছেন ড. আবু জুবায়ের দারা। কনভেনরদ্বয় দেওয়ান আজীম ও খোকন রহমান এবং মেম্বার সেক্রেটারীদ্বয় জহুরুল ইসলাম ও জাহিদ চৌধুরী। সম্মেলনে বিশ্বখ্যাত জাদু শিল্পী জুয়েল আইচ ও বরেণ্য অভিনয় শিল্পী ফরিদা আখতার ববিতা-কে আজীবন সম্মাননা দেয়া হবে বলে আয়োজকরা জানান।

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিকব্য ৪০তম ফোবানা সম্মেলনের ভেন্যু হচ্ছে হলিউড এর ইউনিভার্সেল হিলটন হোটেল। আয়োজক সংগঠন হচ্ছে- বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বিএসি)। শ্লোগান হচ্ছে- ‘উত্তরণের পথে আগামীর প্রত্যয়ে প্রবাসে বাংলাদেশ’। সম্মেলনের চেয়ারম্যান রবিউল করিম বেলাল, কনভেনর ড. জয়নুল আবেদীন এবং নির্বাহী সচিব অ্যান্থনী গোমেজ। এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নিউইয়র্ক রাজ্যের লং আইল্যান্ড সিটির ইভান জেনিক্যাল পার্টি সেন্টারে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে এনআরবি এসোসিয়েশন ইউএসএ। শ্লোগান হচ্ছে ‘চেতনায় ৭১ হৃদয়ে বাংলাদেশ’। আয়োজকদের ভাষায় সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে। বিভক্ত ফোবানার এই অংশের চেয়ারম্যান হচ্ছে জাকারিয়া চৌধুরী আর এক্সিকিউটিভ সেক্রেটারী হচ্ছেন দেওয়ান মনিরুজ্জামান। এই সম্মেলনের কনভেনর হচ্ছেন নূরুল আমিন বাবু ও মেম্বার সেক্রেটারী মঞ্জুর কাদের।

ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোর কিসিমি শহরের হলিডে ইন রিসোর্টে অনুষ্টিতব্য ফোবানা সম্মেলনের এই অংশের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা। শ্লোগান হচ্ছে- ‘টুগেদার ইন ইউনিটি, স্ট্রংগার অ্যাজ ওয়ান কমিউনিটি’। চেয়ারম্যান হচ্ছেন জাহিদ হোসেন ও এক্সিকিউটিভ সেক্রেটারী নিহাল রহিম এবং কনভেনর আনোয়ার হোসেন সেন্টু ও সদস্য সচিব রাসেল মিয়া।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন