১ অক্টোবর থেকে নিউ ইয়র্ক কনস্যুলেটে শুধু কার্ডেই মিলবে সেবা, বন্ধ হচ্ছে মানি অর্ডার ও নগদ লেনদেন

১ অক্টোবর থেকে নিউ ইয়র্ক কনস্যুলেটে শুধু কার্ডেই মিলবে সেবা, বন্ধ হচ্ছে মানি অর্ডার ও নগদ লেনদেননিউ ইয়র্ক:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে স্ব-শরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে সকল প্রকার ফি শুধুমাত্র ডেবিট (Debit Card) অথবা ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে পরিশোধ করতে হবে। বুধবার (১ জুলাই ২০২৬) নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:কার্ড পেমেন্ট বাধ্যতামূলক: ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে স্ব-শরীরে এসে সেবা গ্রহণের সময় গ্রাহকদের অবশ্যই নিজস্ব বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সাথে রাখতে হবে। মানি অর্ডার ও নগদ লেনদেন বন্ধ: নির্ধারিত তারিখ থেকে স্ব-শরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে নগদ অর্থ (Cash), মানি অর্ডার (Money Order) বা ব্যাংক সার্টিফাইড চেক আর গ্রহণ করা হবে না। ডাকযোগে প্রেরিত আবেদনের নিয়ম অপরিবর্তিত: তবে যারা ডাকযোগে (By Mail) সেবার জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। ডাকযোগে প্রেরিত আবেদনের ফি পূর্বের ন্যায় মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমেই পরিশোধ করতে হবে।
কনস্যুলেট কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে, প্রবাসীদের সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী সেবা প্রদান করতেই এ ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন সিদ্ধান্তের সফল বাস্তবায়নে নিউ ইয়র্কসহ সংশ্লিষ্ট সকল প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। উল্লেখ্য, সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কনস্যুলেটের অফিসিয়াল ওয়েবসাইট (www.bdcgny.org) অথবা ইমেইলে (contact@bdcgny.org) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
