মিশিগানে বাংলাদেশি সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রবাস সংবাদ ৬ আগস্ট ২০২৬ ৪৬২৬

যুক্তরাষ্ট্রের মিশিগানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। খেলাধুলা ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীরা এ মিলনমেলায় মেতে ওঠেন।

মিশিগানে বাংলাদেশি সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের জেইন ফিল্ডে প্রবাসী বাঙালিদের সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’ সম্প্রতি তাদের বাৎসরিক বনভোজনের আয়োজন করে। গত ২ আগস্ট রোববার বাংলা টাউন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে, যা একটি প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা জামিল মর্তুজা এ পিকনিকের আনুষ্ঠানিক সূচনা করেন। ময়নুল ইসলাম রাফি ও ছাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী আয়োজনে উপস্থিত প্রবাসীদের স্বাগত জানান উপদেষ্টা আকমল খান, প্রবীর রায়, মিনহাজ আহমেদ, শামসুল হক ও সাবিনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনভর এই আয়োজনে ঐতিহ্যবাহী খাবারের সুব্যবস্থা রাখা হয়। আনন্দঘন পরিবেশে নারী, পুরুষ ও শিশুদের জন্য আয়োজন করা হয় হরেক রকমের খেলাধুলা। নারী অংশগ্রহণকারীরা অংশ নেন মিউজিক্যাল পিলো ও চেয়ার সেটিং খেলায়। পুরুষদের ফুটবল ম্যাচ এবং রশি টানাটানি প্রতিযোগিতা দারুণ উপভোগ্য হয়ে ওঠে। শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবের আনন্দ বহুগুণ বেড়ে যায়।

অনুষ্ঠানে সংগঠনের সমৃদ্ধিতে বিশেষ ভূমিকার জন্য প্রধান উপদেষ্টা জামিল মর্তুজাসহ উপদেষ্টা আকমল খান, প্রবীর রায় ও মিনহাজ আহমেদকে বিশেষ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

বিকেলের পর্বে প্রধান আকর্ষণ ছিল বহুল কাঙ্ক্ষিত র‍্যাফেল ড্র। আকর্ষণীয় এ পর্যায় শেষে বিজয়ী ও প্রতিযোগীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, প্রবাসে নিজেদের মধ্যকার সম্প্রীতি ও পারিবারিক বন্ধন গাঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ আয়োজন সার্থক করতে যাদের অবদান ছিল, তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন