মিশিগানের হ্যামট্রাম্যাকে নানা আয়োজনে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। গত ১ আগস্ট প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক নগরীতে ধর্মীয় আবহে ও আনন্দমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগস্ট, শনিবার মিশিগানভিত্তিক সংগঠন ‘জগন্নাথ দেবের ভক্তবৃন্দ’-এর পরিচালনায় আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের নর-নারী ও শিশু-কিশোরেরা অংশ নেন।
শনিবার বেলা ১২টায় ক্যানিফ স্ট্রিটের একটি পার্কিং স্থানে পূজা-অর্চনা, আরতিসহ নানা শাস্ত্রীয় রীতিনীতি পালনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে দুপুর ১টার দিকে ভক্তদের উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে রথের দড়ি টেনে শোভাযাত্রার সূচনা করা হয়। সুসজ্জিত রথটি শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিভ্রমণ করে। এ সময় ঢাক, ঢোল, কাঁশর ও মন্দিরার বাজনার সঙ্গে ভক্তরা নামসংকীর্তন পরিবেশন করেন।
রথযাত্রায় অংশগ্রহণকারী নারীরা রঙিন শাড়ি ও পুরুষেরা ঐতিহ্যবাহী পোশাক পরেন। প্রবীণদের পাশাপাশি শিশু-কিশোরদের হাতে শোভা পায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। শোভাযাত্রা চলাকালে রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে অভিবাদন জানান এবং যানবাহনের হর্ন বাজিয়ে সম্প্রীতির বার্তা দেন।
হ্যামট্রাম্যাক পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শোভাযাত্রাটি পুনরায় ক্যানিফ স্ট্রিটের সূচনা পয়েন্টে ফিরে আসে। সেখানে ধর্মীয় গান পরিবেশনের পর ভক্তদের মাঝে লুট ও প্রসাদ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সিটি কাউন্সিলের সদস্য, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রবাসের মাটিতে নিজস্ব সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য ও সৌহার্দ্য টিকিয়ে রাখতে এই আয়োজন ভূমিকা রাখছে বলে উদ্যোক্তারা মত প্রকাশ করেন।
