বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কাজী জেসিন
এক বছরের জন্য চুক্তিভিত্তিক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কাজী জেসিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গ্রেড-১ মর্যাদার মহাপরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। এ বিষয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।
জারি করা আদেশে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ১১(২) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার আগে তাঁকে অন্যান্য যেকোনো সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। তাঁর যোগদানের দিন থেকে এই মেয়াদের গণনা শুরু হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে এবং চুক্তিপত্রের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বাকি শর্তাদি চূড়ান্ত করা হবে।
