ব্রংকসের পার্কচেস্টারে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি-ডাকাতি বৃদ্ধি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রংকস এলাকার পার্কচেস্টারে বিভিন্ন দোকানে চুরি ও ডাকাতির উপদ্রব বাড়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ঐক্যের তাগিদ দেওয়া হচ্ছে।

নিউ ইয়র্কের ব্রংকস্থ পার্কচেস্টার এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে চুরি ও ডাকাতির প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতি মাসেই কোনো না কোনো দোকানে দুষ্কৃতকারীরা হানা দিচ্ছে, যার মধ্যে ওষুধ বিক্রির প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোপূর্বে স্টারলিং ও ম্যাকগ্রো এলাকার ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া গত ২৮ জুলাই দিবাগত রাতে স্টারলিং এভিনিউতে অবস্থিত পারকেয়ার ফার্মেসিতে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়, যেখান থেকে বিপুল পরিমাণ মূল্যবান ওষুধ ও নগদ অর্থ হাতিয়ে নেয় অপরাধীরা।
উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সমাজকর্মী জাকির চৌধুরী। অপরাধ দমনে কমিউনিটি নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। অপরদিকে স্থানীয় ব্যবসায়ী স্বপন তালুকদার জানান, কিছুদিন আগে সাটার ভেঙে তার ব্যবসাপ্রতিষ্ঠান সুন্দরবন হালাল মিট অ্যান্ড গ্রোসারিতেও চুরির ঘটনা ঘটেছিল। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি এলাকার সকল ব্যবসায়ীকে সংঘবদ্ধ হওয়ার তাগিদ দেন।
