পাটগ্রামে ফ্যামিলি কার্ডের নিয়োগে দুর্নীতির অভিযোগে ইউএনও অবরুদ্ধ
লালমনিরহাটের পাটগ্রামে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে প্রকাশিত নিয়োগ ফলে অনিয়মের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা। একপর্যায়ে অসন্তুষ্ট প্রার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনকে তাঁর দপ্তরে আটকে রাখেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ঘোষিত ফলাফলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করা হয়নি। আর্থিক লেনদেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে পক্ষপাতমূলকভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। এ অবস্থায় তারা সদ্য প্রকাশিত ফলাফলটি দ্রুত বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যাচাই-বাছাই ও ফল প্রকাশের জোর দাবি জানান। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার দুর্নীতির সত্যতা পাওয়া গেলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রার্থীরা বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উত্তপ্ত পরিস্থিতিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে পাটগ্রামের ইউএনও তানভীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, সরকারি এই গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম দুর্নীতি ও অনিয়ম হয়েছে উল্লেখ করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান (বাবু) বিতর্কিত ফল অবিলম্বে বাতিলের দাবি জানান। তিনি জানান, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন এবং তিনি আন্দোলনকারীদের সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রহসনের এই ফলাফল বাতিল করে নতুন পরীক্ষা আয়োজনের মাধ্যমে যোগ্য ও মেধাবীদের নিয়োগ নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
