নিউইয়র্ক পুলিশে উচ্চপদে সিলেটের কন্যা মির্জা মোহিনী রশিদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মির্জা মোহিনী রশিদ। তাঁর এই অর্জনে গর্বিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

আমেরিকায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন সিলেটের সন্তান ও বাংলাদেশি বংশোদ্ভূত মির্জা মোহিনী রশিদ। পেশাগত ক্ষেত্রে তাঁর এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি করেছে।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইকড়ছই এলাকার মির্জা পরিবারের সন্তান। মোহিনী রশিদের বাবা মির্জা মামুন রশীদ নিউইয়র্কের পরিচিত ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং উক্ত অঙ্গরাজ্যের প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান জুডিশিয়াল ডেলিগেট।
বর্তমানে মোহিনী এনওয়াইপিডির ম্যানহাটন নর্থ নারকোটিক্স বিভাগে কাজ করছেন। সেখানে তিনি মূলত মাদকের অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এর পূর্বে তিনি ৩৪তম প্রিসিঙ্কটে সফলভাবে দায়িত্ব পালন করেন। ওই সময় টহল পুলিশ হিসেবে কাজ করতে গিয়ে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আস্থা ও সুসম্পর্ক গড়ে তোলেন।
বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য মোহিনী রশিদ তাঁর দক্ষতা, একনিষ্ঠতা ও নেতৃত্বের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তাঁর এই অর্জনে স্বজনেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।
