দীর্ঘক্ষণ বসে কাজ করার ব্যথা দূর করবে 'বীরভদ্রাসন ১'

লাইফস্টাইল ৬ আগস্ট ২০২৬ ৩০৩৫

কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে সৃষ্ট পিঠ, কোমর ও কাঁধের ব্যথা কমাতে সহায়ক হতে পারে 'বীরভদ্রাসন ১'। সঠিক নিয়মে নিয়মিত এই আসনটি করলে শারীরিক কাঠিন্য দূর হয়।

দীর্ঘক্ষণ বসে কাজ করার ব্যথা দূর করবে 'বীরভদ্রাসন ১'

কর্মক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থাকার কারণে অনেকেরই কোমর, নিতম্ব, বুক ও কাঁধে নানা ধরনের অস্বস্তি দেখা দেয়। টানা বসে থাকার ফলে মেরুদণ্ড ঝুঁকে পড়ে এবং শরীরের নিচের অংশের পেশি দুর্বল হয়ে যায়। দৈনন্দিন জীবনের এই শারীরিক ক্লান্তি ও শক্তভাব কাটাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে 'বীরভদ্রাসন ১' বা 'ওয়ারিয়র ১ পোজ'। এই যোগব্যায়ামটি শরীরের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভঙ্গি উন্নত করতেও সাহায্য করে।

এই আসনটিতে সোজা দাঁড়িয়ে দুই পা ফাঁক করে একটি পা ৯০ ডিগ্রি কোণে ভাঙতে হয় এবং অন্য পা পেছনে প্রসারিত করা হয়। একই সঙ্গে দুই হাত ওপরের দিকে তুলে বুক ও মেরুদণ্ড টানটান করা হয়। এর ফলে উরু, কাফ মাসেল ও গোড়ালির পেশির জোর বাড়ে। পাশাপাশি হিপ ফ্লেক্সর প্রসারিত হয়ে দীর্ঘ সময় বসে থাকার ফলে তৈরি হওয়া পেশির টান দূর হয়। বুক প্রসারিত হওয়ার ফলে ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়, যা মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

আসনটি করার জন্য সমতল স্থানে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর এক পা প্রায় ৩ থেকে ৪ ফুট পেছনে নিয়ে পেছনের পায়ের পাতা ৪৫ ডিগ্রি কোণে ঘুরিয়ে গোড়ালি মেঝেতে চেপে রাখতে হবে। সামনের হাঁটুটি ভাঁজ করে গোড়ালির ওপর ৯০ ডিগ্রি কোণে এনে উরু মেঝের সমান্তরাল করতে হবে। নিতম্ব সামনের দিকে সোজা রেখে গভীর শ্বাসের সঙ্গে দুই হাত মাথার ওপরে তুলে ২০ থেকে ৩০ সেকেন্ড স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে থাকতে হবে। পরবর্তীতে অন্য পায়ে একইভাবে এটি অনুশীলন করতে হয়।

তবে হাঁটু, কোমর বা কাঁধে বড় ধরনের আঘাত থাকলে কিংবা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এই ব্যায়াম এড়িয়ে চলাই শ্রেয়। এছাড়া মাথা ঘোরার সমস্যা থাকলে দেয়ালের ওপর ভর দিয়ে এবং ঘাড়ে ব্যথা থাকলে ওপরের দিকে না তাকিয়ে সোজা সামনে দেখে চর্চা করা উচিত। যেকোনো আঘাত এড়াতে অভ্যাসের শুরুতে হালকা ওয়ার্ম-আপ করে নেওয়া জরুরি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন