ডেপুটি স্পিকারের ভুয়া ডিও লেটার তৈরি, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা

লাইফস্টাইল ৮ আগস্ট ২০২৬ ৩০৭২

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের স্বাক্ষর ও সরকারি প্যাড জাল করে বদলির সুপারিশ তৈরির অভিযোগে বরগুনা সদরের এসি-ল্যান্ড শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ডেপুটি স্পিকারের ভুয়া ডিও লেটার তৈরি, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের জাল ডিও লেটার প্রস্তুত করে বদলি প্রক্রিয়ায় অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে এক সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরগুনা সদর উপজেলার এসি-ল্যান্ড শাওন মজুমদার সুমনকে প্রধান অভিযুক্ত করে রাজধানীর শেরেবাংলানগর থানায় এই মামলা করা হয়। এতে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারের তথ্যমতে, গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিবের মাধ্যমে বাদী জানতে পারেন যে অভিযুক্ত শাওন মজুমদার সরকারি লেটারহেড ও ডেপুটি স্পিকারের সই জাল করে একখানা সুপারিশপত্র তৈরি করেছেন। নিজের বদলি ঠেকাতে ও পছন্দের স্থানে পদায়ন পেতেই তিনি এই প্রতারণার আশ্রয় নেন।

উক্ত জাল চিঠির মাধ্যমে বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসি-ল্যান্ডের বদলির আদেশ বাতিল করে তাকে ঢাকার কেরানীগঞ্জে পদায়নের সুপারিশ করা হয়েছিল। তবে পরবর্তীতে যাচাই করে দেখা যায়, কথিত চিঠিটি সংসদ সচিবালয় থেকে জারি করা হয়নি এবং চিঠির স্বাক্ষর, ভাষা ও নিরাপত্তা বৈশিষ্ট্য সরকারি রেকর্ডের সঙ্গে মেলেনি।

বাদী এজাহারে উল্লেখ করেন, এই জালিয়াতির মাধ্যমে ডেপুটি স্পিকারের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থায় অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না তা উদ্ঘাটনে আসামিদের ফোন, কম্পিউটার, ই-মেইল ও আর্থিক লেনদেনের ফরেনসিক পরীক্ষার আর্জি জানানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ ও ১২০-বি ধারায় অভিযোগ আনা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন