চীনে বিরল পতঙ্গভুক উদ্ভিদের সন্ধান: সত্য হলো ডারউইনের সার্ধশতবর্ষ পুরোনো ধারণা

প্রযুক্তি ৭ আগস্ট ২০২৬ ২৯৬১

চীনের পাহাড়ি অঞ্চলে সম্প্রতি এক বিরল মাংসাশী উদ্ভিদের দেখা মিলেছে, যা মিষ্টি সুবাস ছড়িয়ে ছোট ছোট পোকা শিকার করে। এই আবিষ্কারের মাধ্যমে প্রকৃতিবিদ চার্লস ডারউইনের দেড়শ বছর আগের অনুমান সত্য বলে প্রমাণিত হলো।

চীনে বিরল পতঙ্গভুক উদ্ভিদের সন্ধান: সত্য হলো ডারউইনের সার্ধশতবর্ষ পুরোনো ধারণা

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার মিটার উঁচুতে রুক্ষ পাহাড়ি গুহায় একটি বিরল প্রজাতির মাংসাশী উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। সুবাস ছড়িয়ে ছোট ছোট পোকা আকৃষ্ট করা এবং আঠালো রোমের মাধ্যমে সেগুলোকে আটকে পুষ্টি গ্রহণ করা এই বুনো ফুলটির মূল বৈশিষ্ট্য। বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে ১৮৭৫ সালে চার্লস ডারউইনের করা একটি পর্যবেক্ষণ অবশেষে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো।

উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম ‘স্যাক্সিফ্রাগা ক্যান্ডেলাব্রাম’, যা দুই হাজারেরও বেশি প্রজাতি সমৃদ্ধ ‘সাক্সিফ্রাগেলস’ বর্গের অন্তর্ভুক্ত। পর্বতচূড়ার পুষ্টিহীন পাথুরে পরিবেশেই মূলত এই লালচে আঠালো গ্রন্থিযুক্ত উদ্ভিদটি জন্মে থাকে। গবেষণার মূল গবেষক হ্যাং সান জানান, গবেষণাগারে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি খাঁটি মাংসাশী উদ্ভিদ এবং এর মধ্য দিয়ে ডারউইনের সূক্ষ্ম পর্যবেক্ষণ ও অনুমানের যথার্থতা প্রকাশ পেল।

গবেষণায় দেখা গেছে, মাটি থেকে প্রয়োজনীয় উপাদান না পাওয়ায় উদ্ভিদটি মূলত প্রোটিন ও নাইট্রোজেনের ঘাটতি মেটাতে শিকার ধরে। গবেষকরা গবেষণাগারে নাইট্রোজেনের বিশেষ আইসোটোপযুক্ত ফলমাছি ব্যবহার করে দেখতে পান, শিকার করা মাছি থেকে খাদ্য উপাদান সরাসরি উদ্ভিদের কলায় পরিবাহিত হচ্ছে। গবেষণার সহ-লেখক ডগলাস সোলটিস উল্লেখ করেন, এই পুষ্টি উপাদানটি সরাসরি গাছের ভেতরে প্রবেশ না করলে এমন পরিবহন সম্ভব হতো না।

সংগৃহীত পুষ্টির বড় অংশ ব্যবহৃত হয় এই গাছের ফুল ও ফল উৎপাদনে। স্যাক্সিফ্রাগা ক্যান্ডেলাব্রাম তার জীবনকালে মাত্র একবারই ফুল ফোটায় ও বীজ উৎপন্ন করে, তাই বংশবৃদ্ধির জন্য এই বাড়তি নাইট্রোজেন অপরিহার্য। পাশাপাশি উদ্ভিদটি বেশ কৌশলগতভাবে কেবল ক্ষুদ্র পোকাকেই ফাঁদে ফেলে। বড় আকারের পরাগায়নকারী পতঙ্গগুলো সহজেই আঠালো রোম ছাড়িয়ে উড়াল দিতে পারে, ফলে প্রজননপ্রক্রিয়া ব্যাহত না করেই এটি খাদ্যের প্রয়োজন মিটিয়ে নেয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন