ক্ষুদ্রতম ইউএসবি ড্রাইভ আনল সানডিস্ক, স্টোরেজে টেক্কা দেবে আইফোনকে

প্রযুক্তি ৭ আগস্ট ২০২৬ ২৯৬১

মেমোরি চিপের বাজারে অস্থিরতার মধ্যে ১ টেরাবাইট ধারণক্ষমতার সবচেয়ে ছোট ইউএসবি ড্রাইভ আনল সানডিস্ক। 'এক্সট্রিম ফিট' নামের এই ডিভাইসটি ওজনে অত্যন্ত হালকা এবং টাইপ-সি সমর্থিত আইফোনেও সরাসরি ব্যবহারযোগ্য।

ক্ষুদ্রতম ইউএসবি ড্রাইভ আনল সানডিস্ক, স্টোরেজে টেক্কা দেবে আইফোনকে

বিশ্বব্যাপী স্টোরেজ পণ্যের উচ্চমূল্যের কারণে গ্রাহকরা যখন সাশ্রয়ী বিকল্পের খোঁজ করছেন, ঠিক তখনই সবচেয়ে ছোট আকারের ফ্ল্যাশ ড্রাইভ উন্মোচন করেছে সানডিস্ক। 'সানডিস্ক এক্সট্রিম ফিট' নামের এই ইউএসবি ড্রাইভটির মাত্রা মাত্র ০.৭৩ গুণ ০.৫৪ গুণ ০.৬৩ ইঞ্চি এবং ওজন এক আউন্সের দশ ভাগের এক ভাগ। আকৃতিতে মানুষের নখের চেয়েও ক্ষুদ্র এই ডিভাইসে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত ডাটা সংরক্ষণ করা যাবে, যা আগামী আইফোন ১৭-এর শীর্ষ মডেলের চেয়েও বেশি।

ইউএসবি ৩.২ টাইপ-সি প্রযুক্তির এই ড্রাইভটির ৬৪ জিবি মডেলের প্রারম্ভিক দাম ধরা হয়েছে প্রায় ৩০ ডলার। অন্যদিকে ১ টিবি সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ২১৯ ডলার। ল্যাপটপ বা ডিভাইসের পোর্টে যুক্ত করলে এটি প্রায় সমতলে মিশে থাকে, যাকে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি 'প্লাগ-অ্যান্ড-স্টে' কৌশল হিসেবে তুলে ধরেছে। ফলে এটি পোর্টে লাগিয়ে রেখেই যন্ত্রটি নিরাপদে বহন করা সম্ভব।

পণ্যটির কারিগরি রূপায়ন সম্পর্কে সানডিস্কের সিস্টেমস ডিজাইনের প্রধান প্রকৌশলী দীপেশ সিং জানান, তাদের উদ্ভাবিত সবচেয়ে ছোট 'এসআইপি' প্রযুক্তির এই যন্ত্রে প্রথমবারের মতো খাড়া বা ভার্টিক্যাল টাইপ-সি সংযোগকারী ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণে বিশেষ ইন্টারপোসার সার্কিট বোর্ড প্রয়োগ করা হয়। তিনি আরও উল্লেখ করেন, শুরুর দিকে বেশ কয়েকটি পরীক্ষামূলক সংস্করণ ভেঙে গেলেও সব প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করে প্রকৌশলী দল চূড়ান্ত সাফল্য লাভ করে।

গতির বিচারে ১২৮ জিবি থেকে ১ টিবি ধারণক্ষমতার মডেলগুলোর তথ্য পড়ার গতি (রিড স্পিড) প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪০০ মেগাবাইট এবং ৬৪ জিবি মোডালের গতি ৩০০ মেগাবাইট। অন্যদিকে তথ্য লেখার গতি (রাইট স্পিড) প্রতি সেকেন্ডে ১০০ থেকে ২৫০ মেগাবাইট। সাধারণ ফাইল ও ছবি আদান-প্রদানে এই গতি দারুণ হলেও বড় ফোরকে ভিডিওর জন্য পোর্টেবল এসএসডি বেশি কার্যকর।

টাইপ-সি সংযুক্ত আইফোন ১৫ বা তার পরবর্তী সংস্করণের ডিভাইসে সরাসরি এটি যুক্ত করে 'ফাইলস' অ্যাপ দিয়ে তথ্য আদান-প্রদান করা যায়। এমনকি প্রয়োজনীয় অ্যাডাপ্টার ব্যবহার করে পুরোনো লাইটনিং পোর্টের আইফোনেও ড্রাইভটি ব্যবহার করা সম্ভব।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন