এক বছরের মাথায় এক্সের পণ্য প্রধানের পদ ছাড়লেন নিকিতা বেয়ার

প্রযুক্তি ৭ আগস্ট ২০২৬ ৩১০৯

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রোডাক্ট হেড পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিকিতা বেয়ার। দায়িত্ব পালনের এক বছর পর এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে যুক্ত থাকবেন।

এক বছরের মাথায় এক্সের পণ্য প্রধানের পদ ছাড়লেন নিকিতা বেয়ার

দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পণ্য বিভাগের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা নিকিতা বেয়ার। সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটি বার্তায় তিনি জানান, অন্য কারও হাতে দায়িত্ব তুলে দিয়ে নিজের সাধারণ ব্যবহারকারী রূপে ফিরে যাওয়ার সময় এসেছে। পদত্যাগের পর এখন থেকে তিনি এ সংস্থায় কেবল উপদেষ্টা হিসেবে যুক্ত থাকবেন।

গত এক বছরে এক্সের অন্যতম প্রভাবশালী এই নির্বাহী বেশ কিছু গুরুত্বপূর্ণ ও আলোচিত পরিবর্তন আনতে প্রধান ভূমিকা রাখেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যবহারকারীর আসল অবস্থান প্রকাশের সুবিধা 'অ্যাবাউট দিস অ্যাকাউন্ট' চালু করা। এর ফলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তারকারী বহু ছদ্মবেশী প্রোফাইলের প্রকৃত পরিচয় সামনে চলে আসে। এ ছাড়া কনটেন্ট নির্মাতাদের আয় সম্পর্কিত নীতিমালার সংস্কারেও তিনি সক্রিয় ছিলেন, যেখানে ভুয়া এনগেজমেন্ট ও লেখা চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনার সার্বক্ষণিক চাপ থেকে কিছুটা বিরতি নিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান। এক্স-এ আসার আগে তরুণদের কেন্দ্র করে দুটি জনপ্রিয় অ্যাপ তৈরি করেছিলেন তিনি। যার মধ্যে ২০১৭ সালে ‘টিবিএইচ’ নামের পোলিং অ্যাপটি ফেইসবুক এবং ২০২৩ সালে ‘গ্যাস’ অ্যাপটি ডিসকর্ড কিনে নেয়। যদিও বর্তমানে এই দুটি অ্যাপেরই সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

বেয়ারের জায়গায় এক্সের পণ্য প্রধান পদে কে স্থলাভিষিক্ত হচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। তবে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নকশা বিভাগের প্রধান বেনজি টেইলরের নাম উল্লেখ করেন। জবাবে টেইলর জানিয়েছেন, আপাতত নিজের দলের কাজ পরিচালনায় নজর দিলেও বেয়ারের রেখে যাওয়া কাজ সামনে এগিয়ে নিতে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করে যাবেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন