তৃষ্ণার্ত সকাল - জাকিয়া রহমান

শিল্প-সাহিত্য ২২ অক্টোবর ২০২৬ ৪৭৩৭
তৃষ্ণার্ত সকাল  - জাকিয়া রহমান

তৃষ্ণার্ত সকাল

- জাকিয়া রহমান

আবিষ্ট আমি! দেখি ভোরের আকাশে,

শুভ্র আলোর ক্ষীণ স্বর্ণরেখা দিচ্ছে উঁকি—

ছুটে আসছে আঁধারের অবগুণ্ঠন বিদীর্ণ করে।

এই বুঝি রক্তিম আভা ছড়াবে ডানা নীলিমায়,

অষ্টাদশীর টোল পড়া কপোলে যেমন—

ছেয়ে যাবে প্রেমের পরশের ব্যাকুল অধীরতায়।

চরাচর ছেয়ে যাবে আলোর আস্তরণে,

তা কি মিটিয়ে দেবে সব কালো যা আছে মনে?

দূরে হয়তো শোনা যাবে ক্ষুধা-কাতর শিশুর ক্রন্দন—

কে জানে মায়ের বুক সুধায় ভরা নাকি শুষ্ক মরু সম!

শিহরণ জাগবে বৃক্ষের গায়ে আন্দোলিত হবে পত্ররাশি—

সূর্য-রশ্মির দ্রোণি হতে শুষে নিতে জীবনীশক্তি,

পিপাসিত শুষ্ক শিকড়ের ক্ষতের যন্ত্রণায়—

বৃক্ষ বল্লরী তখন কি উঠবে আঁতকে?

শুষ্ক শেকড়ের ক্ষতের যন্ত্রণায়,

ভীতি জাগে ধ্বংসের— অস্তিত্বের নিঃশব্দ চিৎকার।

তবুও তেজস্বী হবে আরও সেই অবিদিত সূর্য;

তপ্ত হবে খরায় কাতর নিখিল চরাচর,

ঝিমিয়ে পড়বে পত্ররাশি তৃষ্ণায়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন