অক্সফোর্ডের গবেষণা: বাণিজ্যিক পোলট্রি খামারে ব্যাকটেরিয়া ও খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ছে

লাইফস্টাইল ৬ আগস্ট ২০২৬ ২৯৯৮

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামারের কারণে 'ক্যাম্পাইলোব্যাক্টার' নামক ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিস্তার বৃদ্ধি পেয়ে খাদ্যে বিষক্রিয়াসহ নানা জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

অক্সফোর্ডের গবেষণা: বাণিজ্যিক পোলট্রি খামারে ব্যাকটেরিয়া ও খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ছে

আধুনিক পোলট্রি খামারগুলোর কারণে 'ক্যাম্পাইলোব্যাক্টার' নামের এক মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ আশঙ্কাজনকভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন একটি গবেষণায় সতর্ক করা হয়েছে। এই জীবাণুর সংক্রমণে মানুষের খাদ্যে বিষক্রিয়া ও রক্তে ইনফেকশনের পাশাপাশি অন্ত্রের ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে।

বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী 'প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস' (পিএনএএস)-এ প্রকাশিত এই গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, গত পঁয়ত্রিশ বছরে বাণিজ্যিকভাবে উৎপাদিত মুরগির দেহে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রায় একশত গুণ বৃদ্ধি পেয়েছে। শিল্পভিত্তিক বড় খামারের পরিবেশ সংক্রামক এই জীবাণু ছড়িয়ে পড়ার জন্য বেশ উপযোগী, যার ফলে বাজারজাতকরণের পূর্বেই বিপুল পরিমাণ মুরগি এতে আক্রান্ত হয়ে পড়ে।

সাধারণত ঠিকমতো রান্না না করা কিংবা জীবাণুযুক্ত মুরগির মাংসের মাধ্যমে মানবদেহে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে। যুক্তরাজ্যে ব্যাকটেরিয়াজনিত খাদ্যে বিষক্রিয়ার সর্বপ্রধান উৎস এটি। কেবল গত বছরেই সেখানে প্রায় ৭০ হাজার লোক এতে আক্রান্ত হয়েছেন। দেশটির ফুড হাইজিন সার্টিফিকেট সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, প্রতি বছর এই সংক্রমণের কারণে প্রায় ১০০ মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া সরকারি হিসাব অনুযায়ী, ২০১৬ সালের পর থেকে ডায়রিয়া, বমি ও প্রচণ্ড পেটের ব্যথাসহ আক্রান্ত রোগীর সংখ্যা অন্তত এক-তৃতীয়াংশ বেড়েছে।

অধিকাংশ চিকিৎসাধীন ব্যক্তি এক সপ্তাহের ভেতর আরোগ্য লাভ করলেও কোনো কোনো ক্ষেত্রে এই সংক্রমণ প্রাণঘাতী হতে পারে। গবেষকদের মতে, নিবিড় খামার ব্যবস্থাপনা এবং মানবসৃষ্ট পরিবেশগত পরিবর্তনের ফলে সংক্রামক ব্যাধির সৃষ্টি ও বিস্তার ত্বরান্বিত হচ্ছে। এই বিপদ এড়াতে খাদ্য নিরাপত্তা জোরদার করা, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং মাংস যথাযথভাবে সংরক্ষণ ও ভালোভাবে ফুটিয়ে রান্না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন