এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
ইভটিজিং, আত্মহত্যা, বাল্যবিবাহ ও মাদক বিরোধী বিষয়ক আলোচনা সভায় আদমদীঘি থানার ওসি : মো. কামরুজ্জামান মিয়া। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাল্যবিবাহ,আত্মহত্যা, অপহরণ,ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ শে জুন) সকাল ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার,০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) শিক্ষার্থীদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভটিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কোনো ধরনের হয়রানি, অপরাধমূলক কর্মকাণ্ড বা সামাজিক সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে অভিভাবক, শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানও জানান তিনি।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ইউনুস আলী, মো. সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা ময়েন উদ্দিন, বিউটি বেগম, মনিরা বেগম, ইসাহক আলী, শ্রী আসুতোষ বসাক, মাহফুজা আক্তার জাহান, কোহিনুর আক্তার, নাইমুল হক, গোলাপি রানী এবং আব্দুল হান্নান, মোঃ আব্দুল্লাহ। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
