হোয়াইট হাউসের প্রেস সচিব পদে অনভিজ্ঞ ডানা হোয়াইটকে ট্রাম্পের প্রস্তাব

রাজনীতি ৮ নভেম্বর ২০২৬ ৪৭৭৪
হোয়াইট হাউসের প্রেস সচিব পদে অনভিজ্ঞ ডানা হোয়াইটকে ট্রাম্পের প্রস্তাব

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সচিব হিসেবে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন ডানা হোয়াইট। শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডানা হোয়াইট জানান, তিনি ওয়াশিংটনে ফিরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তবে প্রেস সচিবের দায়িত্ব নিতে তিনি এখনো চূড়ান্ত সম্মতি দেননি।

হোয়াইট হাউসের প্রেস সচিবের পদটি বর্তমানে শূন্য রয়েছে। গত মাসে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কেটি জাকারিয়া পদটি ছেড়ে দেন। এর আগে ক্যারোলিন লেভিট আগস্টের শেষ দিকে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মিক্স মার্শাল আর্টসের জগতে পরিচিত মুখ ডানা হোয়াইটকে প্রেস সচিব হিসেবে বেছে নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ, সরকারি যোগাযোগ বা রাজনৈতিক সংবাদমাধ্যম পরিচালনার ক্ষেত্রে তাঁর সরাসরি অভিজ্ঞতা নেই।

তবে ট্রাম্পের সঙ্গে ডানা হোয়াইটের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০০০-এর দশকের শুরুতে তাঁদের পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। সে সময় ট্রাম্পের মালিকানাধীন ক্যাসিনোতে ইউএফসির কয়েকটি আয়োজন হয়েছিল। পরবর্তী সময়ে ডানা হোয়াইট ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সমর্থক হয়ে ওঠেন এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর পক্ষে প্রচারণা চালান। ট্রাম্পও নিয়মিত ইউএফসির বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন। এমনকি গত জুনে হোয়াইট হাউসেও ইউএফসির একটি লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। ট্রাম্পের প্রস্তাবে ডানা হোয়াইটের পাশাপাশি কয়েকজন বর্তমান ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়নকে সহকারী হিসেবে যুক্ত করার কথাও উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ইসলাম মাখাচেভ, খাবিব নুরমাগোমেদভ, জাস্টিন গেইথজি, ড্যানিয়েল করমিয়ার, কায়লা হ্যারিসন ও আমান্ডা নুনেস।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় পরাজয়ের কয়েক দিনের মধ্যেই ট্রাম্প প্রশাসনে এই পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের পরিবর্তে স্টিফেন মিলারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ডানা হোয়াইট প্রেস সচিবের দায়িত্ব গ্রহণ করবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন