প্রবাসে মেঘভাঙা সুরের মাদকতা: নিউ ইয়র্কে মেরিস্টেলা আহমেদ শ্যামলীর একক পরিবেশনা ‘আকাশ আমার’

আকবর হায়দার কিরন
নিউ ইয়র্ক, প্রবাসী বাঙালি শ্রোতাদের হৃদয়ে চিরচেনা সুরের ঢেউ তুলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো বিশিষ্ট শিল্পী মেরিস্টেলা আহমেদ শ্যামলীর একক সংগীত পরিবেশনা ‘আকাশ আমার’। গত ২২ নভেম্বর বিকেল ৫টায় স্থানীয় জুইশ কালচারাল সেন্টারে (Jewish Center, New York) অনবদ্য আবহে এই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
একক এই সঙ্গীত সন্ধ্যাটি কেবল একটি সাধারণ অনুষ্ঠান ছিল না; বরং শিল্পীর দীর্ঘদিনের শ্রুতিমধুর ও শাস্ত্রীয় সঙ্গীতের নিবিড় সাধনার এক অনন্য বহিঃপ্রকাশ। ময়মনসিংহের সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা মেরিস্টেলার সঙ্গীতযাত্রা শুরু হয় মাত্র ছয় বছর বয়সে। পরবর্তীতে তিনি ওস্তাদ মিথুন দে, ছায়ানটের নজরুল বিভাগ এবং বর্তমানে পণ্ডিত গিরিশ চ্যাটার্জীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের উচ্চতর তালিম গ্রহণ করেছেন। পেশাগত জীবনে নিউজার্সির 'হাডসন কাউন্টি কমিউনিটি কলেজ'-এ অধ্যাপনার পাশাপাশি সুরের প্রতি তার এই আজীবন নিষ্ঠা ও ভালোবাসারই ফসল এই ‘আকাশ আমার’।
শিল্পীর কণ্ঠে ফ্ল্যায়ারের প্রথম গান 'আকাশ আমার আলেয়ায় ভাসে' থেকে শুরু করে 'মোর ঘুমঘোরেরেলে', 'এত বড় আকাশটাকে', 'আমার কবর মরন হবে বল', কিংবা 'ও আমার দেশের মাটি'— প্রতিটি গানে যেন শ্রোতারা খুঁজে পেয়েছেন নিজেদের আবেগ ও প্রবাস জীবনের নাড়ি।
অনুষ্ঠানটি সাজানো হয়েছিল অত্যন্ত যত্নের সাথে। শিল্পী আখতার আহমেদ রাশার অপূর্ব ও মন্ত্রমুগ্ধকর ব্যাকড্রপ এই আয়োজনে বাড়িয়ে দিয়েছিল অন্য এক মাত্রা। উপস্থিত ছিলেন প্রবাসের অত্যন্ত বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের উপস্থিতি এই সাংস্কৃতিক সন্ধ্যাকে আরও গর্বিত ও প্রাণবন্ত করে তোলে।
সুরের এই মধুর যাত্রায় শিল্পীকে সঙ্গত করেছেন এক ঝাঁক দক্ষ যন্ত্রশিল্পী। তবলায় ছিলেন পিনাক পাণি গোস্বামী, কিবোর্ডে রবিউল হাসান রুবেল, গিটারে অভিজিৎ চক্রবর্তী জিতু এবং অ্যাক্টোপ্যাডে তুবার রজ্জন দত্ত। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক সাউন্ড ডিজাইনিংয়ে ছিলেন আরিফুজ্জামান আরিফ (সাউন্ড ইঞ্জিনিয়ার)।
সবকিছু মিলিয়ে, জি এইচ আরজু ও দুররে মাকনুন নবনীর সাবলীল উপস্থাপনায় এবং আখতার আহমেদ রাশার অনবদ্য পরিকল্পনায় ‘আকাশ আমার’ একক পরিবেশনা প্রবাসী বাঙালিদের মনে এক দীর্ঘস্থায়ী সুরের ঝংকার রেখে যায়। এমন আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি ও সঙ্গীতকে লালন করতে আগামীতেও দীর্ঘায়ু কামনা করে সকলে।
ছবিতে দেখুন



