"নূপুর" - ডা. নিশাত তামান্না

লাইফস্টাইল ১৭ নভেম্বর ২০২৬ ২৮৮৭
"নূপুর" - ডা. নিশাত তামান্না

বাপের বাড়ি থেকে বিদায়ের দিন জমিলা বেগম মেয়ের ট্রাঙ্কের এক কোণে রুপার নূপুর জোড়া গুঁজে দিয়েছিলেন। ঘুনসিগুলো এত ছোট যে একটু নাড়া লাগলেই বেজে ওঠে। ফরিদার মাথায় হাত রেখে বলেছিলেন, "মাইয়া না হইলে নূপুর পরাবি কারে? খোদার কাছে মানত করিস।"

বিয়ের তিন বছর পর ফরিদা করিমকে খবরটা দিল। করিম শুনে কিছুই বলল না। বিকেলে বাজার থেকে এক কাঁদি সবরি কলা আর মাটির দুটো পুতুল কিনে আনল, একটা হাতি, একটা ঘোড়া। ফরিদা বলল, "এইগুলা দিয়া কী হইব? এখনো তো কিছুই হয় নাই।"

করিম বলল, "হইব।"

এই একটি শব্দে তার মুখে এমন একটা ভাব এল যে ফরিদা হেসে ফেলল। হাসির কারণ নেই, তবু।

কিছুদিন পর শাশুড়ি উঠানে আমসি শুকাতে শুকাতে বললেন, "বউয়ের মুখখান চান্দের লাহান হইসে। মাইয়াই আইব, দেইখো।"

রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফরিদা ট্রাঙ্ক খুলে নূপুর বের করত। তালুতে রেখে আস্তে নাড়াত। ঝুমঝুম। তারপর পেটের ওপর হাত রেখে ফিসফিস করে বলত, "শুনছস?"

কেউ উত্তর দিত না। তবু ফরিদার মনে হতো, কেউ একজন শুনছে।

সাত সপ্তাহের মাথায় এক সকালে চাল ধুতে বসে তলপেটের একপাশে সে সুচ-ফোটানো ব্যথা টের পেল। হাত থেমে গেল। দুপুরে শাড়িতে গাঢ় লাল কয়েক ফোঁটা।

শাশুড়ি দেখে বললেন, "পোয়াতির রক্ত যায়ই। সকালে ভারী পানি টানসিলি, বাতাস লাগসে। শুইয়া থাক।"

সন্ধ্যায় ব্যথা এত বাড়ল যে বালিশ কামড়েও গোঙানি আটকানো গেল না। করিম পাশে বসে কপালে হাত রাখতেই ফরিদা ফিসফিস করে বলল, "ভিতরে কিছু একটা ছিঁড়া যাইতেসে। আমারে হাসপাতালে নেন।"

করিম নিজের মায়ের দিকে তাকাল। মা বললেন, "রাইতে হাসপাতালে যাওন অলক্ষুণে। ডাক্তার হাত দিলে প্যাটের ছাও নষ্ট হইব। সকালে ঠিক হইয়া যাইব।"

করিম মাকে খুব ভয় পায়। সে আবার ফরিদার দিকে তাকাল, তারপর চুপ করে বসে রইল।

ফকির এলেন, পানিপড়া দিলেন। তলপেটে ঝাঁঝালো তেল ডলা হলো। ফরিদা চোখ বন্ধ করে নূপুরের শব্দটা মনে করার চেষ্টা করল। পারল না। ব্যথার শব্দ বেশি জোরে।

রাত তিনটায় ঘর হঠাৎ চুপ হয়ে গেল। ফরিদার ঠোঁট সাদা, হাত-পা বরফ, শুধু বুকটা হাঁপরের মতো উঠছে-নামছে। কাঁথা রক্তে ভিজে ভারী। করিম বাতি তুলতেই শাশুড়ি এতদিনে প্রথম গলা ছেড়ে চেঁচালেন, "নৌকা খোল করিম! বউ যে যায়!"

মেঘনায় তখন ঘুটঘুটে অন্ধকার। করিম এক হাতে দাঁড় টানছে, আরেক হাতে ফরিদার হাত ধরা। কয়েক টান পরপর ছুঁয়ে দেখে, হাতটা আরও ঠান্ডা।

একবার সে বলল, "ফরিদা, কথা কও।"

ফরিদা কথা বলল না।

হাসপাতালে পৌঁছাতে ভোর চারটা। ডাক্তার নাড়ি ধরে একটা কথাও বাড়ালেন না। "সিস্টার, দুটো বড় ক্যানুলা। রক্ত লাগবে, এক্ষুনি! প্রেসার পাচ্ছি না!" তারপর করিমের দিকে ফিরে জানতে চাইলেন, "ব্যথা শুরু হয়েছে কখন?"

"কাইল সকাল থিকা, স্যার।"

ডাক্তার একটু থামলেন। তারপর ট্রলির সঙ্গে ছুটলেন অপারেশন থিয়েটারের দিকে।

পেট খুলে দেখা গেল ভেতরে দেড় লিটারের বেশি রক্ত। বাচ্চা জরায়ুতে পৌঁছাতেই পারেনি, আটকে ছিল ডিম্বনালিতে। সেই সরু নালি ফেটে গিয়েছিল।

রক্ত দেওয়া হলো, স্যালাইন চলল, ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা করলেন। কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল। সকালের আলো জানালা গলে ফরিদার মুখে পড়ল, আর মনিটরের রেখাটা সোজা হয়ে গেল।

বাড়ি ফিরে করিম ট্রাঙ্কটা খুলল। কাপড়ের ভাঁজে নূপুর। উঠানে বসে সে ছেলেমানুষের মতো কাঁদল। করিমকে কেউ কখনো কাঁদতে দেখেনি। হাত কাঁপতেই নূপুর বেজে উঠল, আর সে সেটা দুই হাতে বুকে চেপে ধরল। ওই শব্দটা থামলে ফরিদা যেন একেবারেই চলে যাবে।

হাসপাতাল থেকে ফেরার সময় নার্স একটা কাগজ ধরিয়ে দিয়েছিলেন। প্রেসক্রিপশনের উল্টো পিঠে ডাক্তারের হাতের লেখা: "আপনার স্ত্রীর কোনো দোষ ছিল না। এটা বাতাস নয়, একটা রোগ। সময়মতো এলে আমরা তাঁকে বাঁচাতে পারতাম।"

করিম কাগজটা মায়ের হাতে দিল। শাশুড়ি পড়তে জানতেন না, করিম জোরে জোরে পড়ে শোনাল। তিনি কিছু বললেন না। সেদিন থেকে রাতে আর বাতি নেভাতেন না।

দুই বছর পর করিমের ছোট বোন রহিমা পোয়াতি হলো। সে তখন বাপের বাড়িতে বেড়াতে এসেছিল। দুই মাস পূর্ণ হতেই এক সকালে সে তলপেট চেপে ধরে বলল, "আম্মা, পেটের একপাশে খোঁচা দেয়।"

উঠানে শাশুড়ি দাঁড়িয়ে ছিলেন, হাতে আমসির ঝুড়ি। এক সেকেন্ড স্থির থাকলেন। তারপর ঝুড়িটা মাটিতে ফেলে দিয়ে চিৎকার করে উঠলেন, "করিম! নৌকা বাইর কর! বাতাসের কথা কেউ কইস না, আমার সামনে কেউ বাতাসের কথা কইস না!"

আমসিগুলো মাটিতে গড়াগড়ি খেল। কেউ তুলল না।

বেলা দশটায় রহিমা হাসপাতালে। আল্ট্রাসনোগ্রাম দেখে ডাক্তার বললেন, "বাচ্চা নালিতে আছে, কিন্তু নালি এখনো ফাটেনি। অপারেশন লাগবে না, ইনজেকশনেই হবে।"

বিকেলেই ইনজেকশন পড়ল। রহিমার গর্ভের সন্তানটিকে রাখা গেল না। কিন্তু রহিমা বাঁচল, নালিসহ। এক বছর পর সে আবার পোয়াতি হলো, এবার জরায়ুর ঠিক জায়গাতেই। নয় মাস পর মেয়ে হলো।

আকিকার দিন শাশুড়ি চার বছর পর প্রথমবার ট্রাঙ্ক খুললেন। নূপুর জোড়া নিজের হাতে নাতনির দুই পায়ে পরিয়ে দিলেন। ছোট্ট পা নড়ল, আর ঘরভর্তি ঝুমঝুম।

অনেকক্ষণ চুপ করে শুনে তিনি আস্তে বললেন, "ফরিদা, তোর নূপুর পরানের মাইয়া আইসে রে।"

বাচ্চার নাম রাখা হলো ফরিদা।

সে মেয়ে এখন হাঁটতে শিখেছে। করিম নৌকা বাঁধতে বাঁধতে তার নূপুরের শব্দ শোনে। কিছু বলে না। শুধু চুপ করে তাকিয়ে থাকে। এই কাজটা সে খুব ভালো পারে।

---

ফরিদার শরীরে আসলে কী হয়েছিল?

এই রোগের ডাক্তারি নাম 'একটোপিক প্রেগন্যান্সি '। সহজ কথায়, গর্ভধারণ হয়েছে জরায়ুর বাইরে।

আমাদের পেটের ভেতরে জরায়ু একটা ঘরের মতো। বাচ্চার সেই ঘরে গিয়ে বাসা বাঁধার কথা। ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের পর ছোট্ট ভ্রূণটা একটা সরু রাস্তা দিয়ে ঘরের দিকে যায়। এই রাস্তার নাম 'ডিম্বনালি '। কিন্তু কখনো কখনো রাস্তায় বাধা থাকে: আগের কোনো সংক্রমণ, পুরনো দাগ, বা জন্ম থেকেই সরু নালি। তখন ভ্রূণ ঘরে পৌঁছাতে পারে না, রাস্তাতেই আটকে যায়, আর সেখানেই বড় হতে শুরু করে।

সমস্যা হলো, ডিম্বনালি কলমের রিফিলের মতো সরু। জরায়ুর মতো নরম থলি নয় যে বাচ্চার সঙ্গে সঙ্গে বড় হবে। ভ্রূণ যত বড় হয়, নালির দেয়াল তত পাতলা হয়। সাধারণত ৬ থেকে ১০ সপ্তাহের মধ্যে একদিন সেই দেয়াল ফেটে যেতে পারে।

তখন রক্ত বাইরে আসে না, জমে পেটের ভেতরে। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ক্রমাগত রক্ত জমতে থাকে। রক্তচাপ নেমে যায়, হাত-পা ঠান্ডা হয়, মানুষ অজ্ঞান হয়ে পড়ে। সময়মতো চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে।

প্রতি ১০০ জন গর্ভবতীর মধ্যে ১ থেকে ২ জনের এমন হয়। আগে ডিম্বনালির সংক্রমণ বা পেলভিক ইনফেকশন, আগে একবার একটোপিক হওয়া, ডিম্বনালির অপারেশন, ধূমপান, এগুলো ঝুঁকি বাড়ায়। তবে অনেকের কোনো ঝুঁকি ছাড়াও হয়।

⚠️এই লক্ষণ দেখলে সেই মুহূর্তেই হাসপাতালে যান:

- মাসিক বন্ধ থাকার পর তলপেটের একপাশে হঠাৎ তীব্র ব্যথা

- অল্প অল্প রক্তক্ষরণ, গাঢ় লাল বা বাদামী

- মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, অজ্ঞান হয়ে যাওয়া

- কাঁধের ডগায় ব্যথা (পেটে জমা রক্ত ডায়াফ্রামে চাপ দিলে কাঁধে ব্যথা হয়)

- মলত্যাগের সময় তীব্র চাপ বা ব্যথা

🚫কখনোই যা করবেন না:

- গর্ভের শুরুর ব্যথাকে "গ্যাস" বা "বাতাসের দোষ" বলে শুইয়ে রাখবেন না

- ব্যথার ওষুধ বা গরম সেঁক-মালিশে সময় নষ্ট করবেন না

- ঝাড়ফুঁকের জন্য অপেক্ষা করবেন না

➡️সময়মতো ধরা পড়লে বাঁচার উপায় আছে:

✔️১.আল্ট্রাসনোগ্রাম:-

গর্ভ নিশ্চিত হওয়ার পর, বিশেষ করে ব্যথা বা রক্তপাত হলে, দ্রুত আল্ট্রাসনোগ্রাম করান। সহজ, ব্যথাহীন পরীক্ষা। এতে ধরা পড়ে বাচ্চা জরায়ুর ভেতরে বসেছে, নাকি নালিতে আটকে আছে।

✔️২. ফাটার আগে ধরা পড়লে:-

অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়াই চিকিৎসা সম্ভব। একটি ইনজেকশন (মেথোট্রেক্সেট) বা ছোট ল্যাপারোস্কপিতে মায়ের জীবন ও নালি দুটোই রক্ষা পেতে পারে। কোনটি লাগবে, তা ডাক্তার ঠিক করেন।

✔️৩. ফেটে গেলে জরুরি অপারেশন:-

দ্রুত রক্ত জোগাড় করে পেট খুলে রক্তপাত থামাতে হয়। এখানে প্রতিটি মিনিট জীবনের হিসাব।

একটোপিক গর্ভের বাচ্চাকে বাঁচানো যায় না, এটা বড় কষ্টের সত্য। কিন্তু মাকে বাঁচানো যায়, যদি সময়মতো হাসপাতালে আসা হয়। বেশিরভাগ নারী পরে আবার স্বাভাবিক গর্ভধারণ করতে পারেন। তবে একবার একটোপিক হলে পরের গর্ভে শুরুতেই ডাক্তারকে জানিয়ে আল্ট্রাসনোগ্রাম করানো উচিত।

---

গর্ভের প্রথম তিন মাসে তলপেটের তীব্র ব্যথা অবহেলার জিনিস নয়। বাতাসের নাম দিয়ে ঘরে বসে থাকার আগে একবার ডাক্তারের কাছে যান।

আপনার পরিবারে বা আশেপাশে কেউ নতুন গর্ভবতী হলে এই পোস্টটি তাঁকে পাঠান। আর জিজ্ঞেস করুন,

"গর্ভ নিশ্চিত হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম করিয়েছেন?"

ডা. নিশাত তামান্না

এমবিবিএস, বিসিএস ( হেলথ)

ডিজিও (গাইনী ও অবস)

এফসিপিএস ( ফাইনাল পার্ট) গাইনী & অবস

ডিএমউ ( সিমুড), সিসিডি ( বারডেম

ছবিতে দেখুন

"নূপুর" - ডা. নিশাত তামান্না
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন