রাজশাহী রেঞ্জের দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত ডিআইজি: মীর আশরাফ আলী

বাংলাদেশ ৮ নভেম্বর ২০২৬ ৪৫৮৯
রাজশাহী রেঞ্জের দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত ডিআইজি: মীর আশরাফ আলী

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

শনিবার (০৭ নভেম্বর ২০২৬ ) রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে শনিবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম নবাগত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএমের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এর আগে নবাগত ডিআইজি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন।এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রাজশাহী রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে নবাগত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্বভার গ্রহণের পর রাজশাহী রেঞ্জের পক্ষ থেকে নবাগত ডিআইজিকে স্বাগত জানানো হয়।

এ সময় রেঞ্জের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। তিনি রেলওয়ে পুলিশের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়নের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন মীর আশরাফ আলী।

মীর আশরাফ আলী ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া সদর উপজেলায়। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ডিআইজি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেন। তিনি বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবেন নতুন এই ডিআইজি।

ছবিতে দেখুন

রাজশাহী রেঞ্জের দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত ডিআইজি: মীর আশরাফ আলী
রাজশাহী রেঞ্জের দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত ডিআইজি: মীর আশরাফ আলী
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন