ব্যাংকিং খাতে আস্থা ফিরে এসেছে – অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

‘ব্যাংকিং খাতে আস্থা ফিরে এসেছে; এখন সময় দৃশ্যমান অগ্রগতির।’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। পাক্ষিক অর্থকণ্ঠ পত্রিকার ২৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা : জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির আলোচনায় এ কথা বলেন।
রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় ২৮ নভেম্বর দুপুরে তিনি বলেন, আর্থিক খাতে সংস্কারের জন্য সরকার ৪ বছরের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপী ঋণের পরিমাণ কমে আসবে অনেকটাই। সরকার এ খাতে আস্থা ফেরাতে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সঠিক আর্থিক পরিসংখ্যান প্রকাশের ওপর। সরকারের পদক্ষেপের কারণে বছরের ব্যবধানে খেলাপী ঋণের পরিমাণ ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, দুর্বল ব্যাংকের সম্পদ মান পর্যালোচনা শেষ করা; ধাপে ধাপে ব্যাংক পুর্নগঠনের লক্ষ্য রয়েছে। এ জন্য সরকার ব্যাংক কোস্পানী আইন সংশোধন, দেউলিয়া আইন, অর্থ ঋণ আদালতের সংস্কার, বাংলাদেশ ব্যাংক এর স্বাধীনতা ও স্বায়ত্ত্বশাসন নিশ্চিতকরণে কাজ করছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপী ঋণ কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করছেন অর্থ উপদেষ্টা।
গোলটেবিল বৈঠকে ব্যাংক উদ্যোক্তা, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ব্যবস্থাপক নির্বাহী এবং পরিসংখ্যানবিদদের উপস্থিতিতে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা : জবাবদিহিতা ও আস্থা’ শিরোনামের লিখিত প্রবন্ধ পড়ে শোনান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংক এর প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ এবং ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম) এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী। তিনি প্রবন্ধে বলেন, কোন ব্যাংক কর্মকর্তা যদি রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত সম্পর্ক বা অনৈতিক আর্থিক প্রলোভনের বশবর্তী হয়ে ঋণ অনুমোদন করেন তাহলে তিনি ব্যাংকিং বিধিই লংঙ্ঘন করেন না; বরং মোৗলিক নৈতিক নীতিগুলোকেও পদদলিত করেন।
গোলটেবিল বৈঠকের মুক্ত আলোচনায় দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ড. আরিফুর রহমান বলেন, শুধু ব্যাকে নয়, কোথাও আমাদের নৈতিকতা নেই! ব্যাংক আইন সংশোধনী খসড়ায় ব্যাংক পরিচালকদের সময়কাল ১২ বছর থেকে কমিয়ে ৬ বছরের প্রস্তাবকে তিনি ভালো পদক্ষেপ বলে মন্তব্য করেন।
দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক শামমুল হক জাহিদ বলেন, ব্যাংকগুলোতে নৈতিকতা এবং কাজের জবাবদিহিতা নেই, তবে আস্থা কম। অধ্যাপক ড. মিহির কুমার রায় আন্তর্জাতিক ম্যাগাজিন দি ইকোনমিষ্ট পত্রিকায় প্রকাশিত খবর উল্লেখ করে বলেন, দেশের ব্যাংকিং খাতে দেউলিয়া হতে চলেছে তা উদ্বেগজনক। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নরকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার প্রতিষ্ঠানের জবাবদিহিতা কার কাছে - অর্থ মন্ত্রণালয়, জাতীয় সংসদ না রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে; দুঃখজনক যে তিনি উত্তর দিতে পারেননি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানজমেন্ট (বিআইবিএম) এর ফ্যাকল্টি মেম্বার ড. প্রশান্ত কুমার ব্যানার্জী বলেন, আর্থিক অন্তর্ভূক্তি বৃদ্ধি করার পাশাপাশি উদ্যোক্তার বাজার সস্প্রসারিত করতে হবে। দেশের পুঁজিবাজার থেকে মুলধন সংগ্রহ করা জরুরি।
২০১৭ সালে এবং পরে দুটি ইসলামী ব্যাংক দখলের ঘটনার সমালোচনা করে ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদক সাংবাদিক মেহেদী হাসান বলেন, দেশের ব্যাংকিং খাতের দুরাবস্থার জন্য বিগত সরকার দায়ী। তাছাড়া অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এর দ্বৈত শাসন এ খাতকে নড়বড়ে করে দিয়েছে।
সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ব্যাংকিং খাতের বিরাজমান দুরাবস্থা অনেকদিনের। সংস্কারের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের নিয়োগ নীতিমালার সমালোচনা করে বলেন, এক মাসের নোটিশে কর্মকর্তাকে অপসারণ অনুচিত। নিয়োগের সময়কাল পূর্ণ করা উচিত। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ রেখে সরকারের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক আবার পিএলসি কেন? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উদ্বৃত্তপত্রে সম্পদ ও কিছু উপাত্ত কাল্পনিক চিত্র প্রত্যক্ষ করেছি। ব্যাংক কোম্পানী আইনের সংশোধনী প্রস্তাবে স্বতন্ত্র পরিচালক সংখ্যা বৃদ্ধিকে সাধুবাদ জানান তিনি। তিনি বলেন, প্রয়োজনে তা বাড়ানো যেতে পারে। তিনি আরও বলেন, জবাবদিহিতা না করে ব্যাংকিং খাতে নৈতিকতা আসবে না।
পাক্ষিক অর্থকাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রণব কুমার মজুমদার গোলটেবিল বৈঠকের আলোচনায় বলেন অতিরিক্ত লাভের চিন্তা থেকে মানুষের মধ্যে লোভ তৈরি হয়। আর লোভ থেকে নৈতিকতার বিপর্যয় হয়েছে দেশের ব্যাংকিং খাতে। তিনি ব্যাংকের আমানত ও ঋণের ওপর সুদ ব্যবধান ৩-৪ শতাংশ রাখার যৌক্তিকতা তুলে ধরে তা কার্যকর করার সুপারিশ করেন। ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ৩ জন নয়, কমপক্ষে ৫ জন বৃদ্ধি করার প্রস্তাব করেন। ব্যাংকগুলোর নাজুক অবস্থার রাজনৈতিকদের নিয়োগকে দায়ী করে তিনি বলেন, এ ক্ষেত্রে দলীয় নিয়োগ পরিহার করে পর্ষদে অতীতের মতো পেশাজীবী যেমন অর্থ ও বাণিজ্য বিষয়ের ওপর উচ্চশিক্ষিত সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যাংকার নিয়োগ করা জরুরি।
পাক্ষিক অর্থকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ. এফ. এম. আসাদুজ্জামানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও আলোচনা করেন উপদেষ্টা সম্পাদক নাহিদুল খান। অর্থকণ্ঠ এর ব্যবস্থাপনা সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী এনামুল হক এনাম গোলটেবিল আলোচনার সমাপ্তি টানেন।
