জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমান, প্রবাসীদের সহযোগিতা চাইল যুক্তরাষ্ট্র বিএনপি

কমিউনিটি নিউজ ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩০৭২
জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমান, প্রবাসীদের সহযোগিতা চাইল যুক্তরাষ্ট্র বিএনপি

নিউইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ হবে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সরকারের পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, শরাফত হোসেন বাবু, কামাল পাশা বাবুল, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, আক্তার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আলম, সবুর খান, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, শাহ আলম, সাইদুল হক, জহিরুল ইসলাম মোল্লা, জসিম ভুইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, গোলাম ফারুক শাহিন, শফিকুর রহমান দুলাল, সৈয়দ এ আর ফারুক, বাসেত রহমান, ডা. আব্দুস সবুর, শাহজাহান শেখ, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম ডালিম, সৈয়দ মোরশেদুল হাসান রেজা, মো. মহসিন, মাজহারুল ইসলাম মিরু, গোলাম হায়দার মুকুট, মো. মাসুদ রানা, জাকির হাওলাদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকেও দেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ড. খলিলুর রহমান ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে তিনি এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০ বছর পর আবারও একজন বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছেন। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জাতিসংঘ সফরকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার একটি সুযোগ হিসেবে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশের পুনর্গঠন কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীদের বিনিয়োগ, দক্ষতা, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপি দাবি করেছে, গত বছরের রাজনৈতিক আন্দোলন ও সংঘাতে বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন। দলটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সময়ের ঘটনাবলির উল্লেখ করে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে। প্রবাসীদের উদ্দেশে যুক্তরাষ্ট্র বিএনপি আরও বলেছে, বিদেশে অবস্থান করলেও তারা যেন দেশের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারে বিভ্রান্ত না হন। দলটি প্রবাসীদের দেশের পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ডসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর কথাও বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নের অংশীদার এবং তাদের বিনিয়োগ ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে উত্তর আমেরিকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। এর আগে দলীয় সূত্র জানিয়েছিল, জাতিসংঘ সদর দপ্তরের সামনে ২৪ সেপ্টেম্বর সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এদিকে নিরাপত্তার দিক থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮১তম অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে। এবারের সফরটি আগের পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত করা হয়েছে।

ছবিতে দেখুন

জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমান, প্রবাসীদের সহযোগিতা চাইল যুক্তরাষ্ট্র বিএনপি
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন