২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলন, প্রধান অতিথি শেখ হাসিনা

নিউইয়র্ক প্রতিনিধি: আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৮টায় অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে আগামীর বাংলাদেশের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি ড. সিদ্দিকুর রহমান। মশাল মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ‘গো ব্যাক গো ব্যাক, তারেক তারেক’ এবং ‘স্টেপ ডাউন, স্টেপ ডাউন, তারেক তারেক’—এ ধরনের স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে আদালতের রায়, ঢাকায় লকডাউন-সংক্রান্ত পরিস্থিতি এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সমাবেশে ড. সিদ্দিকুর রহমান বলেন, ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তারেক রহমান যেখানে থাকবেন, সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগ-সমর্থকদের দলটির আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৬ সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন রয়টার্স সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এদিকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের একটি আদালত আওয়ামী লীগের কয়েকজন সাবেক নেতা ও সহযোগীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। ওই রায়ের প্রেক্ষাপটেও আওয়ামী লীগপন্থী বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে।
তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষ রাজনৈতিক অঙ্গনেও বিভিন্ন কর্মসূচি ঘিরে তৎপরতা বেড়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, তারেক রহমানের জাতিসংঘে অবস্থানের পুরো সময়জুড়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রতিবাদ ও অন্যান্য কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। দলটির নেতাকর্মীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং অন্যান্য দেশ থেকে আওয়ামী লীগ-সমর্থকরাও এসব কর্মসূচিতে অংশ নিতে নিউইয়র্কে আসছেন বলে দলটির নেতারা দাবি করেছেন। ২৪ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি হতে পারে বলে দলটির নেতারা জানিয়েছেন।
ছবিতে দেখুন

