১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রাজধানীতে জামায়াতের প্রচারপত্র বিলি

রাজনীতি ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৭৭৪

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করা ও ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে প্রচারপত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী।

১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রাজধানীতে জামায়াতের প্রচারপত্র বিলি

১১ দলীয় জোটের পূর্বঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার উদ্দেশ্যে রাজধানীজুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। আগামী শনিবার সকাল সাতটায় মতিঝিলের শাপলা চত্বর থেকে এই লংমার্চটি শুরু হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার, সাতরাস্তা ও তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় পথচারী, ব্যবসায়ী এবং শ্রমজীবীদের হাতে প্রচারপত্র তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই প্রচার অভিযান চালানো হয়।

প্রচারপত্রে ছয়টি মৌলিক দাবি তুলে ধরা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

কর্মসূচি চলাকালে ড. মুহাম্মদ রেজাউল করিম জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ী করা, বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস দিলেও এসব ক্ষেত্রে আশানুরূপ সাফল্য আসেনি। তিনি উল্লেখ করেন, এই লংমার্চ কোনো একক দলের নয়, বরং জনগণের গণরায় বাস্তবায়নের আন্দোলন। সে লক্ষ্যেই তারা সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচারপত্র পৌঁছে দিচ্ছেন এবং শনিবারের কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন