১০ তলা থেকে পড়ে নারীর মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল অনাগত সন্তান

খেলা ৬ আগস্ট ২০২৬ ৩০৭২

ইংল্যান্ডের লিডসে দশম তলা থেকে নিচে পড়ে ৩৮ বছর বয়সী এক অন্তঃসত্ত্বার করুণ মৃত্যু হলেও জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যাসন্তানকে জীবিত উদ্ধার করেছেন চিকিৎসকরা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি এখন সুস্থ রয়েছে।

১০ তলা থেকে পড়ে নারীর মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল অনাগত সন্তান

ইংল্যান্ডের লিডসে একটি বহুতল ভবনের দশম তলা থেকে নিচে পড়ে এমা অ্যাটকিনসন নামের ৩৮ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী প্রাণ হারিয়েছেন। গত বছরের ২২ অক্টোবর বাবার বাসায় থাকাকালে এই দুর্ঘটনা ঘটে। আদালতে শুনানি চলাকালে জানানো হয়, তিনি জানালার পাশে একটি চেয়ারে বসেছিলেন। তার বাবা ডেভিড অ্যাটকিনসন জানান, ঠান্ডা বাতাস আসার কারণে তিনি মেয়েকে জানালা বন্ধ করতে বলেন, কিন্তু এর পরপরই এমা চলে যাওয়ার কথা বলে বাইরের দিকে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় এমাকে লিডস জেনারেল ইনফার্মারিতে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থাকে অত্যন্ত আশঙ্কাজনক ঘোষণা করেন এবং পরে তিনি মারা যান। তবে মৃত্যুর পর জরুরি অস্ত্রোপচার চালিয়ে তার গর্ভে থাকা কন্যাসন্তানকে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ সপ্তাহ আগেই জীবিত বের করে আনা সম্ভব হয়। শিশুটির নাম রাখা হয় পোসি।

তদন্তে জানা যায়, এমা এর আগে দুইবার আত্মহননের চেষ্টা করেছিলেন এবং তিনি আবেগগতভাবে অস্থিতিশীল ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি নিজের গর্ভাবস্থার ছবি দিয়ে ১০ সপ্তাহ পর কন্যাশিশু জন্মের প্রতীক্ষায় থাকার আনন্দ প্রকাশ করেছিলেন। এমার অকালমৃত্যুর পরদিন স্বজনরা বেলুন উড়িয়ে তাকে স্মরণ করেন এবং তার বড় মেয়ে ডেমি মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা প্রকাশ করে।

জন্মের পর প্রায় এক মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা পেয়ে শিশু পোসি সুস্থ হয়ে ওঠে। শুরুতে শিশুটিকে তার জন্মদাতা বাবা মাইকেল সোয়ানসনের স্বজনদের হেফাজতে রাখা হয়। পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদে লালন-পালনের দায়িত্ব নেন মাইকেলের বোন লরেন মিচেল। বর্তমানে তিনি নিজের ছয় বছরের সন্তান লিলিয়ার সঙ্গে পোসিকেও লালন-পালন করছেন।

লরেন জানান, ভয়ঙ্কর এই দুর্ঘটনার পরও পোসির দেহে কোনো স্থায়ী আঘাতের চিহ্ন নেই এবং সে বেশ প্রাণবন্তভাবে বেড়ে উঠছে। পুরো পরিবার পোসিকে নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং শিশুটি বড় হলে তার মায়ের ভালোবাসার গল্প শোনানো হবে বলে জানান তিনি। এত ওপর থেকে পড়ে যাওয়ার পরও গর্ভস্থ শিশু বেঁচে যাওয়ার ঘটনাকে চিকিৎসকরা অত্যন্ত বিরল আখ্যা দিয়েছেন এবং বর্তমানে শিশুটির শারীরিক বিকাশ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন