নিউজিল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন শামি ও অউকিব

খেলা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৭৭৪

নিউজিল্যান্ডে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় নির্বাচকদের প্রাথমিক পাঁচ পেসারের তালিকায় স্থান পাননি অভিজ্ঞ মোহাম্মদ শামি ও অউকিব নবি। মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের নীতিগত বৈঠকে এই ইঙ্গিত পাওয়া গেছে।

নিউজিল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন শামি ও অউকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন টেস্ট দল নির্বাচন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কিউইদের মাটিতে গতি ও স্যুইং সহায়ক পরিবেশের বিষয়টি বিবেচনা করে প্রাথমিক পাঁচ সদস্যের পেস আক্রমণ সাজিয়েছেন নির্বাচকেরা। তবে জানা গেছে, সেই খসড়া তালিকায় অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি এবং জম্মু-কাশ্মীরের অউকিব নবির নাম নেই।

ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি চমৎকার ফর্মে রয়েছেন শামি। এমনকি দুলীপ ট্রফির সেমিফাইনালে পূর্বাঞ্চলের হয়ে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই অভিজ্ঞ বোলারের সাম্প্রতিক পারফরম্যান্স সত্ত্বেও কিউই সফরের টেস্ট স্কোয়াডে তাঁর জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শামির অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে, নাকি তরুণদের সাম্প্রতিক ছন্দ গুরুত্ব পাবে—তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

খসড়া তালিকায় থাকা পাঁচ পেসার হলেন যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার ও আকাশ দীপ। মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে এ নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সম্পাদক দেবজিৎ সাইকিয়া ও সিইও হেমাঙ্গ আমিন উপস্থিত ছিলেন। ব্যক্তিগত কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধান নির্বাচক অজিত আগরকর। এছাড়া প্রধান কোচ গৌতম গম্ভীর, টেস্ট ও ওডিআই অধিনায়ক শুভমান গিল, টি-২০ অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং সেন্টার অব এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ বৈঠকে অংশ নেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আগামী সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু হওয়া এই সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ শেষে ১৫ নভেম্বর সাদা বলের পর্ব শেষ হবে। এরপর ১৯ থেকে ২৩ নভেম্বর ওয়েলিংটনে প্রথম টেস্ট এবং ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে পাঁচ পেসারের এই তালিকাটি এখনো চূড়ান্ত নয়, ফলে শেষ মুহূর্তে পরিবর্তনের সম্ভাবনাও উন্মুক্ত রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন