এশিয়ান গেমসে ক্রিকেটারদের জন্য উন্নত আবাসন ও সুবিধার নিশ্চয়তা

খেলা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯৬১

আসন্ন এশিয়ান গেমসে অংশ নেওয়া ক্রিকেটারদের উন্নত সুযোগ-সুবিধা ও হোটেলে অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, আবাসন সঙ্কট দূর করে সেরা খেলার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

এশিয়ান গেমসে ক্রিকেটারদের জন্য উন্নত আবাসন ও সুবিধার নিশ্চয়তা

এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের থাকার জায়গা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিরসনের আভাস পাওয়া গেছে। আয়োজক দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, অন্যান্য ইভেন্টের প্রতিযোগীদের তুলনায় ক্রিকেটারদের উন্নত মানের বাসস্থান প্রদান করা হবে। এতে দলগুলো নির্ধারিত হোটেলে অবস্থান করার পাশাপাশি চাইলে নিজস্ব উদ্যোগে থাকার বন্দোবস্তও করতে পারবে।

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি ও নাগোয়া অঞ্চলে ২০তম এশিয়ান গেমসের পর্দা উঠবে। গেমসে প্রায় ১৭ হাজার অ্যাথলেটের সমাগম ঘটায় কোনো নির্দিষ্ট অ্যাথলেট ভিলেজ রাখা হয়নি। এর বদলে ক্রুজ জাহাজ, কাঠের তৈরি অস্থায়ী কনটেইনার ও হোটেলের মাধ্যমে আবাসন ব্যবস্থা করা হচ্ছে। শুরুতে থাকা ও মাঠের পরিবেশ নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো এশিয়ার শীর্ষ ক্রিকেট বোর্ডগুলো দুশ্চিন্তা প্রকাশ করেছিল।

তবে সব সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাওকি অ্যালেক্স মিয়াজি। তিনি জানান, মাত্র ১৭ মাসের সংক্ষিপ্ত প্রস্তুতিতে আন্তর্জাতিক মানের খেলার পরিবেশ গড়ে তোলা হয়েছে। ক্রিকেট ইভেন্টের ভেন্যু কোরোগি স্পোর্টস পার্কে টার্ফ ও হাইব্রিড পিচ সম্বলিত একটি পূর্ণাঙ্গ মাঠ প্রস্তুত করা হচ্ছে, যার নির্মাণকাজে যুক্ত রয়েছেন শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামের অভিজ্ঞ কিউরেটর।

মাঠের কাছাকাছি পর্যাপ্ত টয়লেট ও আরামদায়ক অস্থায়ী সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ক্রিকেট ইভেন্ট চলবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৮ সেপ্টেম্বর, তবে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন