উডসাইডের ‘বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি’তে অর্গানিক খাসির নতুন সংযোজন: শ্রদ্ধাভরে স্মরণ করা হলো বিশিষ্ট ফটোসাংবাদিক লুতফর রহমান বীনুকে

বিশেষ প্রতিনিধি,
নিউ ইয়র্কের উডসাইডে অবস্থিত ঐতিহ্যবাহী 'বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি' বিগত ২৪ বছর ধরে প্রবাসীদের কাছে তাজা হালাল মুরগি, মাংস ও মাছের এক নির্ভরতার প্রতীক। প্রবাসীদের অত্যন্ত জনপ্রিয় এই প্রতিষ্ঠানে এবার যুক্ত হয়েছে এক নতুন মাত্রা—সম্পূর্ণ অর্গানিক খাসির বিশেষ সমাহার।
সম্প্রতি প্রতিষ্ঠানটির এই নতুন সংযোজন পর্যবেক্ষণ করতে আসেন বিশিষ্ট ফটোসাংবাদিক নিহার সিদ্দিকীসহ স্থানীয় গুণীজনেরা। এই বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় বাংলাদেশের বিশিষ্ট ফটোসাংবাদিক মরহুম লুতফর রহমান বীনুকে। তিনি প্রতিষ্ঠানের কর্ণধার সালাম ভুঁইয়ার শ্বশুর এবং বিদিতা রহমান ভুঁইয়ার সম্মানীয় পিতা।
স্মৃতিচারণ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরন বলেন, বিশিষ্ট ফটোসাংবাদিক লুতফর রহমান বীনু জীবদ্দশায় নিউ ইয়র্কে এলে উডসাইডের এই বিসমিল্লাহ লাইভ পোল্ট্রিতে নিয়মিত সময় কাটাতেন এবং প্রবাসীদের সাথে কুশল বিনিময় করতেন।
অনুষ্ঠানে বিসমিল্লাহ লাইভ পোল্ট্রির এই নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করেন মির্জা আবু জাফর বেগ। পুরো অনুষ্ঠানটি দক্ষতার সাথে উপস্থাপনা করেন মুহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তীতে প্রতিষ্ঠানের সাফল্য এবং মরহুম লুতফর রহমান বীনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম ফায়েক উদ্দিন। মোনাজাত করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মির্জা আবু জাফর বেগ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সালাম ভুঁইয়া প্রবাসীদের স্বাস্থ্যসম্মত ও খাঁটি অর্গানিক হালাল মাংস সরবরাহের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দীর্ঘ ২৪ বছরের ধারাবাহিক আস্থার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছবিতে দেখুন


