সর্বোচ্চ ট্রান্সফার ফি’র রেকর্ডে রিয়াল মাদ্রিদে ভিড়লেন ইয়ান দিওমান্দে
জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে রেকর্ড ১৪০ মিলিয়ন ইউরো খরচে আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দেকে সই করাল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ২০৩৩ সালের জুন পর্যন্ত।

সব জল্পনার অবসান ঘটিয়ে তরুণ আইভরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে দীর্ঘ আলোচনার পর চুক্তিটি সম্পন্ন হয়। সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে ১৯ বছর বয়সী এই ফুটবলারের চুক্তিটি সাত বছর মেয়াদি, যার মেয়াদ থাকবে ২০৩৩ সালের জুন পর্যন্ত।
যদিও স্প্যানিশ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অর্থের অঙ্ক প্রকাশ করেনি, তবে স্পেন ও জার্মানির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এর পরিমাণ প্রায় ১৪০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার কোটি চার লাখ টাকা। এর মাধ্যমে দিওমান্দে ক্লাবের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করলেন। এর আগের রেকর্ডটি ছিল জুড বেলিংহামের, যিনি ২০২৩ সালে ১৩৪ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে লস ব্ল্যাঙ্কোসদের ডেরায় যোগ দিয়েছিলেন।
লেগানেস ঘুরে লাইপজিগে আসা দিওমান্দে গত মৌসুমে বুন্দেসলিগায় দারুণ সাফল্য দেখান। তিনি ১২টি গোলের পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ওই ক্লাবের হয়ে ১৩টি গোল ও ১০টি অ্যাসিস্ট অর্জনের পাশাপাশি তিনি বুন্দেসলিগার বর্ষসেরা উদীয়মান ফুটবলারের খেতাব পান। এছাড়া বিশ্বকাপে কোনো গোল না পেলেও নজরকাড়া নৈপুণ্য প্রদর্শনে সক্ষম হন এই ফরোয়ার্ড।
