সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন বরণ ও কৃতি অ্যালামনাইদের সম্মাননা প্রদান
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ২০২৬ সালের ওরিয়েন্টেশন ও কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৭ জন সফল অ্যালামনাইকে সম্মাননা দেওয়ার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

রাজধানীর অফিসার্স ক্লাবে সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ উদযাপিত হয়েছে। উক্ত আয়োজনে নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন যাত্রায় স্বাগত জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২৭ জন কৃতী অ্যালামনাইয়ের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা এবং ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শীপু) ও মীর আবদুল আলিম।
এ ছাড়াও এতে সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মূল পর্বের পর আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে সংগীত ও নৃত্যের পরিবেশনা দিয়ে নবীনদের বরণ করা হয়।
