বসুন্ধরায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো জুলকান বিটডাউন ০২

শিক্ষা ৮ আগস্ট ২০২৬ ৪৭৩৭

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হলো অপেশাদার মার্শাল আর্ট প্রতিযোগিতা ‘জুলকান বিটডাউন ০২’। মিক্সড মার্শাল আর্টস, বক্সিং ও কিকবক্সিং বিভাগে এতে ২০টির বেশি রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হয়।

বসুন্ধরায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো জুলকান বিটডাউন ০২

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে উদীয়মান ফাইটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অপেশাদার মার্শাল আর্ট প্রতিযোগিতা ‘ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি প্রেজেন্টস জুলকান বিটডাউন ০২’। ৭ আগস্ট শুক্রবার ‘জুলকান ইনডোর অ্যারেনা’র দোতলায় দিনব্যাপী এই রোমাঞ্চকর প্রতিযোগিতা সম্পন্ন হয়।

দেশের অপেশাদার খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের খেলার অভিজ্ঞতা প্রদান, শারীরিক ও কৌশলগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাদার পর্যায়ে উন্নীত করার লক্ষ্যেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। টুর্নামেন্টে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ), বক্সিং ও কিকবক্সিং—এই তিন বিভাগে ২০টিরও বেশি বাউট অনুষ্ঠিত হয়। তিন মিনিট করে তিন রাউন্ডের প্রতিটি লড়াইয়ে প্রতিযোগীদের কৌশলগত দক্ষতা দর্শকদের আকৃষ্ট করে।

দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘সুপার ৪ অ্যামেচার চ্যাম্পিয়নশিপ’। এতে সেমিফাইনালের বিজয়ী ফাইটাররা একই দিনে মূল ফাইনালে লড়াই করে জুলকান বিটডাউন চ্যাম্পিয়নশিপ বেল্ট ছিনিয়ে নেন। মোট আটটি বিভাগে বেল্ট ফাইনাল আয়োজন করা হয়। এ ছাড়া একক বাউটে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। পুরুষদের পাশাপাশি নারী কিকবক্সিংয়ের ৫০ ও ৬৫ কেজি ক্যাটাগরির লড়াকু ম্যাচগুলো গ্যালারির দর্শকদের উৎসাহিত করে।

প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি। ফাইটারদের চিকিৎসা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে অফিশিয়াল হেলথকেয়ার পার্টনার হিসেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিম রিং সাইডে নিয়োজিত ছিল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিশিয়াল এমসি ওয়াহিদা।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অফ অপারেশনস মাসুদুর রহমান মান্না জানান, পেশাদার পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে হলে অপেশাদারদের ওপর গুরুত্ব দিতে হবে। সেই চিন্তা থেকেই জুলকান বিটডাউনের সূত্রপাত। এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো পেশাদার ফাইটার তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন