রেয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় যেতে চান ম্যান সিটি তারকা রদ্রি

খেলা ৬ আগস্ট ২০২৬ ২৮৫০

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আলোচনা থামিয়ে দিয়েছেন। চলতি মৌসুমে তিনি বার্সেলোনায় পাড়ি জমাতে আগ্রহী বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।

রেয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় যেতে চান ম্যান সিটি তারকা রদ্রি

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রধান লক্ষ্য এখন আক্রমণভাগ ও রক্ষণভাগ শক্তিশালী করা। রবের্ত লেভানদোভস্কির বিকল্প হিসেবে একজন ফরোয়ার্ড ও একজন সেন্টার-ব্যাক খুঁজছে তারা। তবে এর মধ্যেও রদ্রির মতো মিডফিল্ডারকে দলে টানার সুযোগটি তারা হাতছাড়া করতে চায় না।

ম্যানচেস্টার সিটি ছেড়ে রেয়াল মাদ্রিদে এই স্প্যানিশ তারকার যোগ দেওয়ার গুঞ্জন বেশ জোরালো ছিল। তবে বৃহস্পতিবার স্পেনের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমে জানানো হয়, সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি বার্সেলোনায় যোগ দিতেই বেশি আগ্রহী।

মাদ্রিদের ক্লাবের সঙ্গে কথা চললেও সান্তিয়াগো বের্নাবেউয়ে যাওয়ার বিষয়ে রদ্রি কখনো পুরো সায় দেননি। অবশেষে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত রেয়াল কর্তৃপক্ষকে জানিয়ে দিলে তারা তা মেনে নেয়।

প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনাকে বেছে নেওয়ার কারণ রেয়ালের কাছে স্পষ্ট করেছেন রদ্রি। সিটিতে পেপ গুয়ার্দিওলার অধীনে খেলার ধরন হান্সি ফ্লিকের বার্সেলোনার কৌশলের সঙ্গে অত্যন্ত মানানসই। স্পেনের জাতীয় দলে তিনি যে ভূমিকা পালন করেন, ক্যাম্প ন্যুতেও সেই একই দায়িত্বে খেলতে পারবেন।

বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় স্পেন জাতীয় দলে খেলায় তাঁদের সঙ্গে রদ্রির সম্পর্ক বেশ গভীর। পাশাপাশি গুয়ার্দিওলার প্রভাবও এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।

চলতি মৌসুম শেষেই সিটির সঙ্গে এই স্প্যানিশ ফুটবলারের চুক্তির মেয়াদ ফুরোবে। চুক্তি বাড়ানো না হলে আগামী বছর তিনি ফ্রি এজেন্ট হিসেবে ইতিহাদ ছাড়তে পারবেন। তবে চলতি মৌসুমেই দেশে ফিরতে চান তিনি। তাকে দলভুক্ত করতে বার্সেলোনার প্রায় ৬ কোটি ইউরো ব্যয় হতে পারে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন