রদ্রিকে পেতে এবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা

খেলা ৬ আগস্ট ২০২৬ ৪৭০০

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে লড়াইয়ে নেমেছে বার্সেলোনা। আগে থেকে দৌড়ে থাকা রিয়াল মাদ্রিদের পাশাপাশি কাতালান ক্লাবটিও ৩০ বছর বয়সী এই তারকাকে পেতে আগ্রহী।

রদ্রিকে পেতে এবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা

ম্যানচেস্টার সিটির বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে নিতে আগ্রহী হয়ে উঠেছে বার্সেলোনা। স্প্যানিশ এই ফুটবলারের প্রতিনিধির সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা করেছে কাতালান ক্লাবটি। এর আগে এই ফুটবলারকে সই করাতে অনেক দূর এগিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই তাকে পাওয়ার দৌড়ে নেমেছে।

বার্সেলোনায় যোগ দিলে জাতীয় দলের আটজন সতীর্থকে একসঙ্গে পাবেন রদ্রি। গাভি, পেদ্রি, লামিনে ইয়ামাল ও দানি ওলমোদের মতো তারকাদের উপস্থিতি তাকে আকৃষ্ট করছে। তাছাড়া ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে দলের মধ্যমাঠে নতুন অভিজ্ঞ ফুটবলারের প্রয়োজন তৈরি হয়েছে। তরুণ মার্ক বার্নাল বিকল্প হিসেবে থাকলেও এই পজিশনে অভিজ্ঞ রদ্রিকেই ভাবছেন কাতালান কোচ।

লেভানডফস্কির বিদায়ের পর অ্যান্টনি গর্ডন ও করিম আদেয়েমিকে দলে টানা বার্সেলোনা আর্থিক দিক থেকেও এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। ক্যাম্প ন্যু পুরোপুরি চালু হওয়া ও বড় বেতনের ফুটবলার খালি হওয়ায় দলবদলে বড় খরচের প্রস্তুতি রয়েছে তাদের। অন্যদিকে ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ বাকি আর ১২ মাস। সিটির সঙ্গে চুক্তি বাড়াতে অনাগ্রহী এই ব্যালন ডি'অর জয়ী ফুটবলার ক্যারিয়ারের কোনো একপর্যায়ে নিজ দেশের লিগে ফেরার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন